ভাইরাল খবর
‘ডিমে ভয় কেন?’ মহুয়া মৈত্রের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে! বোরখা মন্তব্য মামলা নিয়ে নতুন মোড়
ডিজিটাল ডেস্কঃ ‘বোরখা’ মন্তব্য (Remark) ঘিরে দায়ের হওয়া মামলায় বড় ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) করা তাঁর আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। শুনানির সময় ডিম হামলার আশঙ্কার কথা জানানো হলেও আদালত সেই যুক্তিতে হস্তক্ষেপ করতে রাজি হয়নি।
বিচারপতি দীপঙ্কর দত্ত (Justice Dipankar Datta) এবং বিচারপতি শিল নাগু (Justice Shail Nagu)-র ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানির সময় আদালত মন্তব্য করে, একজন সাংসদ হয়ে রাজনৈতিক জীবনে এসে ডিম হামলার ভয় দেখানো উচিত নয়। বিচারপতিরা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামীরা বুক পেতে গুলি সহ্য করেছেন, তাই এই ধরনের আবেদন আদালতের বিচার্য বিষয় হওয়া উচিত নয়।
মহুয়া মৈত্রের আইনজীবী গোপাল শংকরনারায়ণন (Gopal Sankaranarayanan) আদালতে জানান, থানায় হাজিরার সময় তাঁর মক্কেলকে আগে হুমকি দেওয়া হয়েছিল এবং ডিম ছোড়ার ঘটনাও ঘটেছিল। তাই ভার্চুয়ালি হাজিরার অনুমতি চাওয়া হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট সেই আবেদন গ্রহণ করেনি। পরে আইনজীবীর আবেদনে মামলাটি প্রত্যাহার হিসেবে খারিজ হয়ে যায়।
এই মামলার সূত্রপাত গত জুন মাসে। ত্রাণসামগ্রী ও ত্রিপল চুরির অভিযোগে গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁর দিকে ডিম ছোড়ার ঘটনা ঘটে। এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন মহুয়া। সেই ভিডিওতে কয়েকজন ডিম হামলাকারীকে ‘বোরখা পরা’ বলে মন্তব্য করেন তিনি। এরপর তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে।
নদিয়ার হোগলবেড়িয়া থানায় বিজেপি (BJP)-র স্থানীয় নেতা হীরক ভট্টাচার্য অভিযোগ দায়ের করেন। পরে মহুয়া কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। হাই কোর্ট তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় এবং ১৪ অগস্ট থানায় হাজিরার কথা জানায়।
পাশাপাশি আদালত নির্দেশ দেয়, ৫ অক্টোবর পর্যন্ত মহুয়ার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। সুপ্রিম কোর্টেও সেই নির্দেশে পরিবর্তন এল না। ফলে আপাতত হাই কোর্টের নির্দেশ মেনেই তদন্তে সহযোগিতা করতে হবে কৃষ্ণনগরের সাংসদকে।
