বিশ্বের খবর
“মৃত্যুর খবর মিলতে পারে যে কোনো মুহূর্তে”! মোজতবা খামেনেইয়ের অবস্থা সংকটজনক, দাবি ইজরায়েলি সংবাদমাধ্যমের
ডিজিটাল ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের (Mojtaba Khamenei) শারীরিক অবস্থা নিয়ে ফের তীব্র জল্পনা। ইজরায়েলি সংবাদমাধ্যমের দাবি, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি এবং তাঁর পরিস্থিতি অত্যন্ত সংকটজনক (Critical)। এমনকি যে কোনও মুহূর্তে তাঁর মৃত্যুর খবর আসতে পারে বলেও ইরানের অভ্যন্তরীণ সূত্রের বরাতে দাবি করা হয়েছে। তবে এই দাবি এখনও স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের (Masoud Pezeshkian) প্রশাসনের ঘনিষ্ঠ দুই সূত্র IranWire-কে জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারির মার্কিন-ইজরায়েলি হামলার পর থেকে মোজতবা মন্ত্রিসভার কোনও সদস্যের সঙ্গে সরাসরি বৈঠক করেননি। শারীরিক অবস্থার অবনতির কারণেই তাঁর প্রকাশ্য উপস্থিতি নেই বলে জল্পনা ছড়িয়েছে।
বাবা তথা প্রাক্তন সর্বোচ্চ নেতা আলি খামেনেই নিহত হওয়ার পর মার্চে দেশের সর্বোচ্চ নেতৃত্বে আসেন মোজতবা। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি, কোনও ভাষণও দেননি। সরকারি সংবাদমাধ্যমে তাঁর নামে মূলত লিখিত বার্তাই প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতিই তাঁর স্বাস্থ্য (Health) নিয়ে প্রশ্ন আরও বাড়িয়েছে।
এর আগে অবশ্য ইরানের আধিকারিকরা মোজতবা গুরুতর আহত বা অক্ষম হয়ে পড়েছেন—এমন দাবি অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, হামলায় পাওয়া আঘাত গুরুতর নয় এবং তিনি দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সক্রিয় রয়েছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ানও জানিয়েছেন, সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি যোগাযোগ বর্তমানে অত্যন্ত কঠিন হলেও তাঁর উপস্থিতি সরকারের জন্য গুরুত্বপূর্ণ শক্তির উৎস।
ফলে একদিকে ইরানি সরকারের পাল্টা দাবি, অন্যদিকে বিদেশি সংবাদমাধ্যমের গুরুতর অসুস্থতার (Critical Illness) রিপোর্ট—দুইয়ের মাঝে মোজতবা খামেনেইয়ের প্রকৃত শারীরিক অবস্থা নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
