উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! দুই লরির সংঘর্ষে মৃত্যু ৩ শ্রমিকের, আহত অন্তত ১২
ডিজিটাল ডেস্কঃ কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু আর ফেরা হলো না। উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) ইটাহার (Itahar) থানার বালিয়াপাড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে (National Highway-12) শুক্রবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন তিন শ্রমিক। ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর অঞ্চলের সাদাপুর, চান্দল-সহ একাধিক গ্রামের প্রায় ৩০ জন দিনমজুর প্রতিদিনের মতো লরিতে (Truck) করে বালিয়াপাড়ার লেবার হাটে (Labour Market) কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় মালদাগামী একটি ১০ চাকার লরি (10-Wheeler Truck) নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবোঝাই লরিটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বহু শ্রমিক রাস্তায় ছিটকে পড়েন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে (Block Health Centre) নিয়ে যাওয়া হলে সেখানে আরও এক মহিলার মৃত্যু হয়। পরে গুরুতর আহতদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Raiganj Medical College & Hospital) স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শ্রমিকের মৃত্যু হয়।
নিহতদের নাম ছেপো বর্মন (৪৫), কলকা বর্মন (৪২) এবং টেপো মার্ডি (৩৬)। তাঁদের সকলের বাড়ি ইটাহার থানা এলাকায়।
দুর্ঘটনার খবর পেয়ে ইটাহার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং ঘাতক লরিটিকে আটক করে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, চালকের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি লরির যান্ত্রিক (Mechanical) ত্রুটি, অতিরিক্ত গতি (Overspeeding) বা অন্য কোনও কারণ দুর্ঘটনার জন্য দায়ী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রায়গঞ্জের পুলিশ সুপার (Superintendent of Police) জানান, মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারে নেমে এসেছে গভীর শোক।
