রাজ্যের খবর
হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ! বিদেশযাত্রার অনুমতিতে সুপ্রিম কোর্টে অভিষেক
ডিজিটাল ডেস্কঃ হাইকোর্টের কাছে চোখের চিকিৎসার (Eye Treatment) জন্য বিদেশ যাওয়ার অনুমতি না পেয়ে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তাঁর বিদেশযাত্রার আবেদন খারিজ করার পর বৃহস্পতিবার গভীর রাতে শীর্ষ আদালতে আবেদন করেছেন তিনি। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড (Medical Board) গঠন করা হবে। ওই বোর্ড তাঁর চোখের বর্তমান অবস্থা পরীক্ষা করে জানাবে, ভারতে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা সম্ভব কি না।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, মেডিক্যাল বোর্ডের রিপোর্টের ভিত্তিতেই বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে অভিষেকের আইনজীবী আদালতে জানান, তিনি এসএসকেএমে চিকিৎসা করাতে আগ্রহী নন। যে হাসপাতালে আগে চিকিৎসা হয়েছে, সেখানেই বিদেশে গিয়ে চিকিৎসা করাতে চান তিনি।
অন্যদিকে, রাজ্যের পক্ষ থেকে বিদেশযাত্রার বিরোধিতা করা হয়। সরকারের আইনজীবীর দাবি, অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা (Case) ও তদন্ত (Investigation) চলছে। এই পরিস্থিতিতে বিদেশ যাওয়ার অনুমতি দিলে তদন্ত প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে।
হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছিলেন, আদালত চিকিৎসার বিষয়ে বিশেষজ্ঞ নয়। তাই চিকিৎসকদের মতামত প্রয়োজন। আদালতের পর্যবেক্ষণ ছিল, দেশে চিকিৎসার সুযোগ রয়েছে কি না, সেটিই আগে খতিয়ে দেখা দরকার।
এরপর হাইকোর্ট মামলা খারিজ করলে অভিষেক সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন। এর আগেও এই বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সুপ্রিম কোর্ট মামলাটি হাইকোর্টে ফিরিয়ে দিয়ে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছিল।
এখন ফের সুপ্রিম কোর্টে অভিষেকের আবেদন ঘিরে নজর রয়েছে রাজনৈতিক (Political) ও প্রশাসনিক মহলের। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি শেষ পর্যন্ত মিলবে কি না, তা নির্ভর করছে শীর্ষ আদালতের সিদ্ধান্তের উপর।
