ভাইরাল খবর
বাংলায় কার দাপট? রাজ্যসভার ৫ আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা করল কমিশন
ডিজিটাল ডেস্কঃ দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনে নির্বাচনের দিনক্ষণ (Election Schedule) ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৫টি গুরুত্বপূর্ণ আসন। বুধবার সকালে জারি করা কমিশনের বিজ্ঞপ্তি (Notification) অনুযায়ী, আগামী ১৬ মার্চ ভোটগ্রহণ হবে এবং ওই দিনই বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনের নির্ঘণ্ট: কমিশন জানিয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন (Nomination) জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ এবং তা প্রত্যাহারের (Withdrawal) শেষ সময় ৯ মার্চ। আগামী ২ এপ্রিল তৃণমূলের সুব্রত বক্সী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে এবং সিপিআইএম-এর বিকাশরঞ্জন ভট্টাচার্যের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে, মৌসম বেনজির নূর দলবদল ও ইস্তফা দেওয়ায় সেই আসনটিও এখন শূন্য।
বাংলার রাজনৈতিক সমীকরণ: বিধানসভার বর্তমান বিধায়ক (MLA) সংখ্যার বিচারে ৫টি আসনের মধ্যে ৪টিতে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। বাম-কংগ্রেসের কোনো প্রতিনিধি না থাকায় এবার বিকাশ ভট্টাচার্যের আসনটি বিজেপির দখলে যাওয়ার প্রবল সম্ভাবনা। গাণিতিক হিসেবে একটি আসন জিততে অন্তত ৪৭-৪৯টি ভোট প্রয়োজন, যা বিজেপির হাতে রয়েছে। ফলে বাংলার ৫ আসনের মধ্যে সমীকরণ হতে চলেছে ৪ (TMC): ১ (BJP)। বাংলা ছাড়াও মহারাষ্ট্র, তামিলনাড়ু, বিহার ও ওড়িশার মতো রাজ্যেও ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


