রাজ্যের খবর
মাদ্রাসায় এবার বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’! শুভেন্দু সরকারের বড় নির্দেশিকায় শোরগোল বঙ্গে
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের সমস্ত সরকারি, সরকারপোষিত ও স্বীকৃত মাদ্রাসায় এবার প্রার্থনা সভায় বাধ্যতামূলকভাবে গাইতে হবে ‘বন্দে মাতরম’ (Vande Mataram)। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা দফতরের তরফে এই মর্মে নতুন নির্দেশিকা (Guideline) জারি করা হয়েছে।
নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, প্রতিদিন ক্লাস শুরুর আগে সকালের প্রার্থনা সভায় এই রাষ্ট্রগীত গাইতে হবে। পুরনো সমস্ত পৃথক নিয়ম বাতিল করে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে। শুধু মাদ্রাসাই নয়, মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্থ এসএসকে (SSK) এবং এমএসকে (MSK)-তেও একই নিয়ম চালু করা হয়েছে।
এর আগে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুলে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুলগুলিতেও প্রার্থনার সময় ‘জন গণ মন’-এর পাশাপাশি ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশ দেওয়া হয়। এবার সেই নিয়মই মাদ্রাসাগুলিতেও কার্যকর করা হল।
মাদ্রাসা শিক্ষা দফতরের জারি করা নির্দেশের কপি জেলা প্রশাসন, শিক্ষা আধিকারিক এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কাছেও পাঠানো হয়েছে। শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, নিয়ম সঠিকভাবে মানা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য প্রার্থনা সভার ভিডিও রেকর্ডিং (Video Recording) রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হলেও বিজেপি নেতৃত্ব একে “এক ও অভিন্ন শিক্ষানীতি”র পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে।


