রাজ্যের খবর
এসআইআর-এর অসহ্য চাপ! অবসাদে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলওর
ডিজিটাল ডেস্কঃ সরকারি কাজের পাহাড়প্রমাণ চাপ (Pressure) এবং ডিজিটালাইজেশনের জটিলতা সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করলেন এক বিএলও (BLO)। শনিবার সকালে হুগলির শ্রীরামপুর ফেরিঘাটে (Ferry Ghat) এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। উত্তর ২৪ পরগনার টিটাগড়ের বাসিন্দা তথা পেশায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (Acting Headmaster) মহম্মদ কায়ামুদ্দিন লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দেন। লঞ্চের কর্মীদের তৎপরতায় কোনোক্রমে প্রাণ বাঁচে তাঁর।
জানা গিয়েছে, কায়ামুদ্দিন সাহেব কাঁচরাপাড়ার একটি স্কুলে কর্মরত এবং বর্তমানে বিএলও হিসেবে এসআইআর (SIR) প্রক্রিয়ার দায়িত্ব সামলাচ্ছিলেন। তাঁর বুথে প্রায় ১২৪৫ জন ভোটারের তথ্য আপলোড (Upload) করার কাজ বাকি ছিল। সময়ের অভাব এবং যান্ত্রিক জটিলতার কারণে তিনি প্রচণ্ড মানসিক অবসাদে (Mental Depression) ভুগছিলেন। এমনকি নির্বাচন কমিশনের (Election Commission) আধিকারিকদের নিজের সমস্যার কথা জানালেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ।
শনিবার শ্রীরামপুর থেকে ব্যারাকপুর যাওয়ার পথে নিজের মোবাইল ও এসআইআর নথির ব্যাগটি লঞ্চে রেখেই তিনি গঙ্গায় ঝাঁপ দেন। উদ্ধার হওয়ার পর তিনি জানান, মানুষের প্রশ্নের উত্তর দেওয়া এবং তথ্যের পরিসংখ্যান মেলাতে মেলাতে তিনি ক্লান্ত। বর্তমানে শ্রীরামপুর থানায় খবর দেওয়ার পর পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে (Hospital) পাঠিয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল (Stable) হলেও মানসিক আতঙ্ক কাটেনি। এই ঘটনায় নির্বাচন কমিশনের কর্মপদ্ধতি নিয়ে সরব হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।


