Uncategorized
বাম নেতাকে রাস্তায় মারধরের অভিযোগে তৃণমূল নেত্রীর জবাব: আত্মরক্ষার দাবিতে বিতর্কে বেবি কোল
ডিজিটাল ডেস্কঃ খড়্গপুরে (Kharagpur) প্রবীণ বাম নেতা অনিল দাস (Anil Das), তাঁকে প্রকাশ্যে রাস্তায় জুতা দিয়ে মারধরের অভিযোগে উত্তাল রাজনৈতিক মহল। অভিযোগের আঙুল খোদ তৃণমূল নেত্রী বেবি কোলের (Baby Kole) দিকে। ঘটনার পর তৃণমূল কংগ্রেসের তরফে তাঁকে শো-কজ (Show Cause) করা হয় এবং তিন দিনের মধ্যে জবাব চাওয়া হয়। ছ’দিন পর সেই জবাব দিলেন বেবি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করলেন, আত্মরক্ষায় তিনি অনিল দাসকে মারধর করেন।
ঘটনার সূত্রপাত একটি পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে। অভিযোগ, এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দেন বেবি কোল। তার প্রতিবাদ করেছিলেন অনিল দাস, যা গড়ায় হাতাহাতি পর্যন্ত। অনিল দাসের দাবি, তাঁকে প্রকাশ্য রাস্তায় মেরে জুতোপেটা করা হয়। এই ঘটনায় ক্ষোভ ছড়ায় খড়্গপুরে।
আরও পড়ুনঃ ‘হ্যাপি থালা ডে’: ধোনির জন্মদিনে রোনাল্ডো-বেকহ্যামদের জার্সিতে শুভেচ্ছা ফিফার
বেবির পাল্টা অভিযোগ, অনিল দীর্ঘদিন ধরে তাঁকে ব্যক্তিগতভাবে হেনস্থা করে আসছিলেন। রাজনৈতিক প্রতিহিংসা নয়, ব্যক্তিগত সমস্যার জেরে ওইদিন বাকবিতণ্ডা ঘটে বলে দাবি করেছেন তিনি। তাঁর আরও অভিযোগ, অনিল দাস একাধিক ব্যক্তির কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছেন এবং বহু মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছেন।
তবে প্রশ্ন উঠছে, এত গুরুতর অভিযোগ থাকলে এতদিন কেন পুলিশের দ্বারস্থ হননি বেবি? এরই মধ্যে অনিল দাস কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বেবি কোলের বিরুদ্ধে। আদালত তাঁকে অনুমতি দিয়েছে। আগামী মঙ্গলবার হতে পারে মামলার শুনানি।
তৃণমূল নেত্রীর শো-কজের জবাবের পরও বিতর্ক থামেনি। বরং রাজনৈতিক সংঘাতের আঁচ আরও স্পষ্ট খড়্গপুরে।
