খুন
তিন বছরের মেয়েকে লেকে নিক্ষেপ, মায়ের হাতে নৃশংস পরিণতি
ডিজিটাল ডেস্কঃ আজমের (Ajmer) শহরের বুকে ঘটে গেল এক হাড় হিম করা ঘটনা। মাত্র তিন বছরের মেয়েকে খুনের অভিযোগ উঠল নিজের মায়ের বিরুদ্ধেই। প্রেমিকের ‘অসন্তোষ’-এর কারণে সেই নিষ্পাপ শিশুকে অণা সাগর লেকে (Ana Sagar Lake) ফেলে দিলেন মা।
অভিযুক্ত মহিলার নাম অঞ্জলি ওরফে প্রিয়া, উত্তরপ্রদেশের বারাণসীর (Varanasi) বাসিন্দা। স্বামীর সঙ্গে বিচ্ছেদের (divorce) পর তিনি আজমেরে গিয়ে লিভ-ইন (live-in) সম্পর্কে জড়ান প্রেমিক অলোকেশের সঙ্গে। স্থানীয় একটি হোটেলে রিসেপশনিস্ট (receptionist) হিসেবে কাজ করতেন অঞ্জলি। সেখানেই পরিচয় ও ঘনিষ্ঠতা হয় অলোকেশের সঙ্গে, যিনি একই হোটেলে কাজ করতেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে। শহরে টহলরত হেড কনস্টেবল গোবিন্দ শর্মা দেখতে পান, এক দম্পতি রাস্তায় ঘোরাঘুরি করছে। সন্দেহ হলে তিনি জিজ্ঞেস করেন, তখন অঞ্জলি বলেন, তিনি তাঁর মেয়েকে নিয়ে বেরিয়েছিলেন, কিন্তু হঠাৎই মেয়ে নিখোঁজ হয়ে যায়। সারারাত খুঁজেও মেয়ের খোঁজ পাননি।
তবে পুলিশ খুব দ্রুত হাতে পায় সিসিটিভি (CCTV) ফুটেজ। তাতে দেখা যায়, রাত প্রায় দেড়টার সময় অঞ্জলি মেয়েকে কোলে নিয়ে ঘুরছেন অণা সাগর লেকের পাশে। কিছুক্ষণ পর আবার দেখা যায়, তিনি একা, এবং মোবাইলে ব্যস্ত। এখানেই প্রথম অসঙ্গতি নজরে আসে পুলিশের।
পরদিন সকালে, লেক থেকেই উদ্ধার হয় তিন বছরের শিশুটির নিথর দেহ।
জেরা শুরু হতেই ভেঙে পড়েন অঞ্জলি। পুলিশের সামনে স্বীকার করেন, তিনিই মেয়েকে লেকের জলে ফেলে দিয়েছেন। তার কারণ? প্রেমিক অলোকেশ সন্তানের উপস্থিতি একেবারেই সহ্য করতে পারতেন না। বারবার কটূক্তি করতেন। সেই মানসিক চাপে পড়ে এমন ভয়ঙ্কর পদক্ষেপ নেন তিনি।
পুলিশ জানিয়েছে, খুনের পরিকল্পনা ও কার্যকর — সবটাই একাই করেন অঞ্জলি। ঘটনার সময় অলোকেশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে ঘটনা ঘটিয়ে রাত দু’টোর সময় অঞ্জলি অলোকেশকে ফোন করে জানান যে মেয়ে ‘নিখোঁজ’।
তবে অলোকেশের ভূমিকা ছিল কি না, সেটা খতিয়ে দেখছে পুলিশ।
এই মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যেই অঞ্জলিকে গ্রেফতার (arrest) করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা (murder case) রুজু হয়েছে। চলছে তদন্ত (investigation)।


