বিশ্বের খবর
“বিশ্ব এখন আরও নিরাপদ”, বললেন ট্রাম্প! ইরানের তিন পরমাণু কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালাল আমেরিকা
ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি। ইরানের বুকে মার্কিন বোমারু বিমানের ভয়াবহ হামলা। এবার স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করলেন, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে সমন্বিত বিমান হামলা চালিয়েছে আমেরিকা। তাঁর কথায়, “বিশ্ব এখন আরও নিরাপদ।”
সূত্রের খবর, আমেরিকার এই হামলার প্রধান লক্ষ্য ছিল ফোর্ডো (Fordow), নাতানজ (Natanz) এবং ইসফাহান (Isfahan) – ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক ঘাঁটি। আন্তর্জাতিক মহলের মতে, এই হামলা শুধু আমেরিকার একক সিদ্ধান্ত নয়, বরং এটি আমেরিকা ও ইজরায়েলের (Israel) যৌথ সামরিক অভিযানের অংশ, যা মধ্যপ্রাচ্যের অশান্তিকে আরও উস্কে দিল।
আরও পড়ুনঃইরানকে খণ্ডবিখণ্ড করতে প্রস্তুত আমেরিকা, ট্রাম্পের যুদ্ধ বার্তা
হোয়াইট হাউস (White House) থেকে বিবৃতি জারি করে ট্রাম্প বলেন, “আমরা ইরানের বিপজ্জনক পারমাণবিক শক্তি ধ্বংসের পথে বড় পদক্ষেপ নিয়েছি। এই অভিযান ‘একটি ঐতিহাসিক মুহূর্ত’ (Historic Moment)।” তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, “আমাদের লক্ষ্য ছিল বিশ্বকে আরও নিরাপদ করা। আমরা সেই পথে এগোচ্ছি।”
ট্রাম্প আরও জানান, “ইরান এতদিন ধরে বিশ্বশান্তির জন্য এক বিপদ হয়ে দাঁড়িয়েছিল। আজকের হামলা তাদের পরমাণু ক্ষমতা ধ্বংসের শুরু। যদি প্রয়োজন হয়, আমরা আরও বড় আঘাত হানব।”
এই ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য নাড়িয়ে দিতে পারে। পাশাপাশি, ইরান এই হামলার পাল্টা জবাব দেবে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ইতিমধ্যেই ইরানের তরফে জানানো হয়েছে, আমেরিকার এই হামলা কাপুরুষোচিত। ইরানের সামরিক মুখপাত্রের হুঁশিয়ারি, “আমরা এবার এমন জবাব দেব, যা আমেরিকা কল্পনাও করতে পারেনি।”
বিশ্লেষকদের মতে, ইজরায়েল ও আমেরিকার এই যৌথ অভিযান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে ভয়ঙ্কর নতুন সঙ্কট তৈরি করতে পারে। আপাতত আন্তর্জাতিক মহলের নজর, ইরান কীভাবে পাল্টা দেয় সেই দিকেই।
