বিনোদন
দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি! মমতা ও অভিষেকের সংগ্রামের নতুন ডকু-ফিচার
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে চলেছে একটি বিশেষ ডকু-ফিচার (Docu-feature)। নাম দেওয়া হয়েছে ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’ (The Untold Story of Banerjee)। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের কাহিনি তুলে ধরতেই এই ২৫ মিনিটের তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে। সোমবার অর্থাৎ, আজ ২ মার্চ বিকেল চারটেয় কলকাতা প্রেস ক্লাবে এই ছবির টিজার (Teaser) লঞ্চ হতে চলেছে।
আর কে এন্টারটেনমেন্টের ব্যানারে এই ডকু-ফিচারটির প্রযোজনা ও চিত্রনাট্য লিখেছেন জুনেইদ খান, যিনি পেশায় একজন অভিনেতাও। পরিচালনার দায়িত্বে রয়েছেন রাহুল সাহা। ১৯৯৩ সালের ঐতিহাসিক আন্দোলন থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত বিস্তৃত সময়কালকে এই ছবিতে ধরা হয়েছে। জুনেইদের দাবি, বিরোধীরা ভোটের আগে যে অপপ্রচার (Propaganda) চালায়, তার জবাব দিতেই এই কাজ। ছবিতে দেখা যাবে কীভাবে মাত্র চার বছর বয়স থেকে একটি ছোট পতাকা হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হয়ে আন্দোলনে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই ডকু-ফিচারটির প্রতি নির্মাতাদের আবেগ এতটাই তীব্র যে, জুনেইদ খান এটি তৈরির জন্য নিজের একটি ফ্ল্যাট পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। ছবিতে অভিষেকের বড়বেলার চরিত্রে জুনেইদ নিজেই অভিনয় করছেন। নদীয়ার পলাশিপাড়া-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছবির শুটিং (Shooting) হয়েছে। বর্তমানে রমজানের (Ramadan) কারণে কাজ সাময়িক বন্ধ থাকলেও, ভোটের আগেই এটি মুক্তি পাবে। জুনেইদ বলেন, “মুখ্যমন্ত্রী আমার আবেগ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার আইডল (Idol)। বাংলার মানুষের কাছে সত্য বার্তা পৌঁছে দিতেই আমার এই ক্ষুদ্র উপহার।”
