ভাইরাল খবর
BLA নিষেধাজ্ঞা ও SIR বিতর্কে নির্বাচন কমিশনের সদর দফতরে দ্বারস্থ তৃণমূল
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের ভোটার তালিকা সংশোধন (SIR – Special Intensive Revision) প্রক্রিয়া ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের সরব তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের (BLA – Booth Level Agent) হিয়ারিংয়ে উপস্থিত থাকতে না দেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে শাসক দল। পাশাপাশি, বয়স্ক ভোটারদের শুনানিকেন্দ্রে ডাকার বিষয়েও আপত্তি জানিয়েছে তারা।
একাধিক অভিযোগ নিয়ে এতদিন কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO – Chief Electoral Officer) দফতরে দরবার করেছে তৃণমূল। এবার সেই অভিযোগের ঝুলি নিয়ে তারা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের (ECI – Election Commission of India) সদর দফতরে। বুধবার নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন লোকসভায় তৃণমূলের দলনেতা ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের অভিযোগ, মাত্র দু’মাসের মধ্যে তাড়াহুড়ো করে (Hurry Process) কেন SIR করা হচ্ছে, তা নিয়ে কমিশনের কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই। গত শনিবার থেকে শুরু হওয়া হিয়ারিংয়ে রাজনৈতিক দলগুলির BLA-দের ঢুকতে দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে আগেই রাজ্যের CEO দফতরে অভিযোগ জানিয়েছে তৃণমূল। তবে কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও অবস্থাতেই BLA-রা শুনানিকেন্দ্রে থাকতে পারবেন না।
এই পরিস্থিতিতে বুধবার কমিশনের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক, প্রদীপ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, মমতাবালা ঠাকুর, সাকেত গোখলে ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করবে তৃণমূল।


