দেশের খবর
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব রান্নাঘরে, গ্যাস সংকট সামাল দিতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে এলপিজি (LPG) সংকটের মোকাবিলায় এক কঠোর পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। শনিবার পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রকের (Petroleum Ministry) পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় (Notification) স্পষ্ট জানানো হয়েছে, যেসব গ্রাহকের বাড়িতে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস (PNG) পৌঁছায়, তাঁরা আর সিলিন্ডার ব্যবহারের সুবিধা পাবেন না। অবিলম্বে তাঁদের বর্তমান সিলিন্ডার সংযোগ (Connection) ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের এই নয়া নিয়ম অনুযায়ী, পিএনজি গ্রাহকরা এখন থেকে আর কোনও রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা বা পরিবেশকের (Distributor) কাছ থেকে সিলিন্ডার রিফিল করতে পারবেন না। মূলত জ্বালানি অপচয় রোধ এবং সংকটের সময়ে প্রকৃত অভাবী গ্রাহকদের কাছে জোগান সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। নির্দেশিকায় বলা হয়েছে, অনেকে বাড়তি সুবিধা হিসেবে সিলিন্ডার মজুত (Stockpiling) করে রাখছেন, যার ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। নিয়ম লঙ্ঘন করলে আইনি পদক্ষেপ বা বড় জরিমানার (Penalty) হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এই সংকটের মূল উৎস মধ্যপ্রাচ্যের যুদ্ধ (Middle East War) এবং অবরুদ্ধ হরমুজ প্রণালী। ভারতের প্রয়োজনীয় এলপিজি-র প্রায় ৯০ শতাংশ এই পথেই আসে। ইরান এই পথ বন্ধ রাখায় দেশে জ্বালানি সংকট (Fuel Crisis) ঊর্ধ্বমুখী। যদিও সম্প্রতি ভারত সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় কিছু জাহাজ ছাড়পত্র পেয়েছে, তবুও জোগান স্বাভাবিক রাখা বড় চ্যালেঞ্জ। পেট্রোলিয়াম মন্ত্রকের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, যুদ্ধ আবহে প্রায় ৮৮ লক্ষ মানুষ আতঙ্কিত হয়ে বুকিং (Panic booking) করায় জটিলতা বেড়েছে। অসাধু ব্যবসায়ীদের কালোবাজারি (Black marketing) রুখতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করেই পাইপলাইন গ্যাস ব্যবহারকারীদের নতুন করে গার্হস্থ্য সিলিন্ডার সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।


