দেশের খবর
গ্যাস সংকটে গোবর থেকে জ্বালানি, ৬০ কোটি টাকার প্রকল্প গুজরাট সরকারের
ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র আকাল (Crisis)। একটা সিলিন্ডারের জন্য সাধারণ মানুষের লম্বা লাইন কিংবা পেট্রোল পাম্পের ভিড় এখন নিত্যদিনের ছবি। এই জ্বালানি সংকট মেটাতে এবার সনাতন এবং বিকল্প পথের দিকেই হাঁটল গুজরাটের বিজেপি সরকার। গোবর ও অন্যান্য বর্জ্য পদার্থ থেকে জ্বালানি উৎপাদনের জন্য ৬০ কোটি টাকা বরাদ্দ (Allocation) করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, গুজরাট জুড়ে ১০টি বিশাল বায়ো-সিএনজি প্ল্যান্ট (Bio-CNG Plants) স্থাপন করা হবে। মূলত ডেইরি শিল্পের বর্জ্য (Waste) থেকে গ্যাস উৎপাদনই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রতিটি প্ল্যান্টে প্রতিদিন প্রায় ১ লক্ষ কেজি গোবর প্রক্রিয়াকরণ (Processing) করা হবে। এই গ্যাস যেমন যানবাহনে ব্যবহার করা যাবে, তেমনই কাজে লাগবে শিল্পক্ষেত্রেও (Industrial Sector)।
সরকারের এই প্রকল্পের ফলে পশুপালকদের আয়ের নতুন পথ খুলে যাবে। প্রতি কেজি ১ টাকা দরে কৃষকদের কাছ থেকে গোবর কেনা হবে, যার ফলে প্রাথমিক অনুমানে প্রায় ৪৫০টি পরিবারের রোজগার বাড়বে। যদিও গ্রামাঞ্চলে ব্যক্তিগত উদ্যোগে বায়ো-গ্যাস (Biogas) ব্যবহারের চল বহুদিনের, তবে সরকারিভাবে এই বড় মাপের উদ্যোগ জ্বালানি সংকটে নতুন আশার আলো দেখাচ্ছে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই কেন্দ্র সরকার ‘গোবর্ধন’ প্রকল্পের মাধ্যমে গোবর থেকে শক্তি ও জৈব সার (Organic Fertilizer) উৎপাদনে উৎসাহ দিচ্ছে। গত অর্থবর্ষে এই খাতে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ (Investment) করা হয়েছে। গুজরাটের এই নতুন প্রকল্প মূলত কেন্দ্রীয় ভাবনারই এক বৃহত্তর রূপায়ণ।


