খেলার খবর
দাবার বোর্ডে এক ভুল চালেই ভেঙে পড়ল দাপট, গুকেশের কাছে হারে ক্ষুব্ধ কার্লসেন
ডিজিটাল ডেস্ক:দাবার বোর্ডে এক মুহূর্তের ভুল, গুনতে হল বড় মাশুল। আর সেই ভুল থেকেই একেবারে নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারালেন বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen)। নরওয়ে ওপেনে ভারতের উঠতি দাবাড়ু দোম্মারাজু গুকেশের (Dommaraju Gukesh) বিরুদ্ধে খেলা ম্যাচে শেষ মুহূর্তের একটি ভুল চালেই ম্যাচ হাতছাড়া করেন তিনি। ফলত হতাশায় টেবিলে জোরে চাপড় মারেন, তারপর রেগে ঘর ছেড়ে বেরিয়ে যান কার্লসেন। তাঁর এমন আচরণ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
রবিবার অনুষ্ঠিত নরওয়ে ওপেনের ষষ্ঠ রাউন্ডে মুখোমুখি হন গুকেশ ও কার্লসেন। গোটা ম্যাচ জুড়েই কার্লসেনের নিয়ন্ত্রণে ছিল খেলার রাশ। কিছুদিন আগেই গুকেশকে হারিয়েছিলেন এই নরওয়েজিয়ান গ্র্যান্ডমাস্টার। সেই ধারাই বজায় থাকবে বলে মনে হচ্ছিল এদিনও। কিন্তু শেষ লগ্নে একটি গুরুতর ভুল চালেই ভেস্তে যায় কার্লসেনের জয়। সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়ে কামব্যাক করেন গুকেশ।
OH MY GOD 😳🤯😲 pic.twitter.com/QSbbrvQFkE
— Norway Chess (@NorwayChess) June 1, 2025
এই জয় গুকেশের কাছে শুধু এক ম্যাচ জেতাই নয়, বরং এটা ছিল তাঁর কেরিয়ারে ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে প্রথম ওভার-দ্য-বোর্ড ক্লাসিক্যাল ফর্ম্যাটে জয়। পরাজয়ের ধাক্কা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না ৩৪ বছর বয়সি কার্লসেন। ম্যাচ শেষে গুকেশের সঙ্গে সৌজন্য হ্যান্ডশেক করলেও, এরপর সঙ্গে সঙ্গেই ঘর ছেড়ে বেরিয়ে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে আবার বোর্ডের ঘুঁটি নাড়াচাড়া করতে থাকেন, যেন বিশ্বাসই করতে পারছিলেন না কীভাবে ম্যাচ হাতছাড়া হয়ে গেল।
That moment when World Champion @DGukesh won his game against World no.1 Magnus Carlsen!
Video: @adityasurroy21/ ChessBase India#chess #chessbaseindia #norwaychess #gukesh pic.twitter.com/9YQhHYlia0
— ChessBase India (@ChessbaseIndia) June 1, 2025
অন্যদিকে, জয় পেয়েও চুপচাপ ছিলেন গুকেশ (Gukesh)। মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে জানান, এমন জয় তাঁর কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। উল্লেখ্য, নরওয়ে চেসে এই নিয়ে দ্বিতীয়বার কোনও ভারতীয় দাবাড়ুর কাছে পরাজিত হলেন কার্লসেন। ২০২৪ সালে তিনি হেরেছিলেন আরেক তরুণ ভারতীয় প্রজ্ঞানন্দের (R Praggnanandhaa) কাছে। এবার সেই তালিকায় যুক্ত হল গুকেশের নাম।
এই ম্যাচ আরও একবার দেখিয়ে দিল, দাবার খেলায় শেষ পর্যন্ত শান্ত মনোভাব এবং একাগ্রতাই সবচেয়ে বড় অস্ত্র। গুকেশ তা প্রমাণ করলেন, আর সেই সুযোগ হাতছাড়া করেই রাশ হারালেন কিংবদন্তি কার্লসেন।
