রাজ্যের খবর
সোমবার থেকে জেলা সফরে মুখ্যমন্ত্রী। হুইলচেয়ারে বসেই চলবে প্রচার
নিউজ ডেস্ক , ১৩ মার্চ : সামনেই নির্বাচন। মোট আট দফায় অনুষ্ঠিত হবে একুশের নির্বাচন। বঙ্গের দখল নিতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক থেকে বিরোধী। ইতিমধ্যে মনোনয়ন পত্র জমাও দিয়েছেন কেও কেও। বুধবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
আর সেখান থেকে ফেরার পথেই ঘটে বিপত্তি। পায়ে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী। এরপর তড়িঘড়ি তাঁকে কলকাতায় হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন হাসপাতালের বিছানায় শুয়েই ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ২ থেকে ৩ দিনের মধ্যে ময়দানে নামবেন তিনি। চিকিৎসকদের পরামর্শ না মেনেই সোমবার থেকে রীতিমতো ফের নির্বাচনী প্রচারে নেমে পড়তে চলেছেন তিনি। সোমবার থেকে জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী। তবে অবশ্যই হুইলচেয়ারে করে৷ শুক্রবার হাসপাতাল থেকে বাড়ী ফিরেছেন নেত্রী। রবিবার, নন্দীগ্রাম দিবস (১৪ মার্চ)। এই দিনটিকেই তিনি বেছে নিয়েছেন বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশের জন্য।পুরনো সূচি অনুযায়ী প্রথমে পুরুলিয়া, তারপর বাঁকুড়া ও শেষে ঝাড়গ্রাম জেলায় তাঁর কর্মসূচি ছিল। সেইমতোই জেলা সফর করবেন মুখ্যমন্ত্রী।দলীয় সূত্রের খবর, মঞ্চে উঠতে নেত্রীর যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য সভামঞ্চে সমস্ত জায়গায় কাঠের পাটাতন বসিয়ে অস্থায়ী র্যাম্প বানানো হবে। সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডেকরেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। কপ্টারে ওঠানামার জন্যও একই পদ্ধতি অবলম্বন করা হবে। পালটে যাচ্ছে তাঁর গাড়িও।
