মালদা
মালদহ জেলা পরিষদে ভয়াবহ আগুন, নথি পুড়তেই উঠল চক্রান্তের গন্ধ!
মালদহ: মালদহ জেলা পরিষদের চারতলায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের একাধিক গুরুত্বপূর্ণ নথি ও ফাইল। আগুন লাগার ঘটনায় যেমন প্রশাসনে চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনই রাজনীতির পারদও চড়েছে তুঙ্গে। বিরোধী দল বিজেপির অভিযোগ, এই অগ্নিকাণ্ড আসলে এক চক্রান্ত, উদ্দেশ্য একটাই—দুর্নীতির প্রমাণ নষ্ট করা।
জানা গিয়েছে, সোমবার জেলা পরিষদের চারতলায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেকশনে হঠাৎ আগুন লাগতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে ধোঁয়া দেখতে পান এবং তৎক্ষণাৎ দমকলকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট কিংবা নতুন বসানো এসির ত্রুটি থেকে আগুন লাগার সম্ভাবনার কথা উঠে আসছে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ঘটনার দিনই ওই ঘরে একটি নতুন এয়ার কন্ডিশনার বসানো হয়েছিল, যা নিয়ে কিছু কারিগরি সমস্যা হচ্ছিল। যদিও এই সম্ভাব্য ত্রুটির কথা মানতে নারাজ বিরোধীরা।
বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি অজয় মণ্ডল বলেন, “মালদহ জেলা পরিষদে দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ রয়েছে। এই অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, এটা উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত। দুর্নীতির প্রমাণ লোপাট করতেই পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে।” তিনি ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
তবে পাল্টা আক্রমণ করেছে শাসক দল তৃণমূল। দলের জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন, “বিজেপি নেতারাই দুর্নীতিগ্রস্ত, তাই তাঁদের সবকিছুতেই দুর্নীতির গন্ধ লাগে। অগ্নিকাণ্ড দুঃখজনক হলেও এটাকে রাজনৈতিক রঙ দেওয়া অনুচিত।”
ঘটনাটি নিয়ে প্রশাসনিক স্তরেও তদন্ত শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে ফরেনসিক তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।