বিশ্বের খবর
টেকনোলজির ছদ্মবেশে নজরদারি? স্টারলিঙ্ককে ঘিরে বিতর্ক তুঙ্গে
বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়ানো মার্কিন প্রযুক্তি সংস্থা স্টারলিঙ্ক আকস্মিকভাবে ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। যদিও কোম্পানির পক্ষ থেকে যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকিকে এই সিদ্ধান্তের কারণ হিসেবে দেখানো হয়েছে, তবে বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে আরও গভীর ও উদ্বেগজনক বাস্তবতা।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিশ্লেষকের দাবি, স্টারলিঙ্কের মাধ্যমে ইরানের গোপন সরকারি ও সামরিক তথ্য ফাঁস হয়ে যেতে পারে। এমনকি বলা হচ্ছে, এই তথ্য দেশের বাইরে চলে গেছে এবং এ নিয়ে ইরানি গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
স্টারলিঙ্ক, যা মূলত ইলন মাস্কের স্পেসএক্সের একটি শাখা, উপগ্রহ প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে। ইরানে সরকারিভাবে কঠোর নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও স্টারলিঙ্ক সীমিত পরিসরে পরিষেবা চালু করেছিল, যা এখন সম্পূর্ণরূপে স্থগিত করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, স্টারলিঙ্ক শুধু ইন্টারনেট সরবরাহই করে না; বরং এটি ব্যবহারকারীদের লোকেশন, কমিউনিকেশন হিস্ট্রি এবং ব্রাউজিং ডেটা সংরক্ষণে সক্ষম। ফলে প্রশ্ন উঠছে, স্টারলিঙ্ক যে সব দেশে কাজ করছে, সেগুলোর নাগরিক ও সরকারি তথ্য কি মার্কিন এই কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? এটি যদি সত্যি হয়, তবে তা জাতীয় নিরাপত্তার উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
ইলন মাস্ক বহুবার জানিয়েছেন, তার লক্ষ্য পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলেও “ফ্রি এবং উন্মুক্ত ইন্টারনেট” পৌঁছে দেওয়া। কিন্তু এই উদ্দেশ্য অনেক দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নীতির সাথে সাংঘর্ষিক হয়ে পড়েছে।
ইরান ছাড়াও, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো স্টারলিঙ্ককে নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করে। ইরানে স্টারলিঙ্ক পরিষেবা বন্ধ করা কোনো বিচ্ছিন্ন সিদ্ধান্ত নয়। বরং এর পেছনে রয়েছে রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক তথ্য যুদ্ধ, এবং প্রযুক্তিনির্ভর আধিপত্য বিস্তারের কৌশল। বিশ্বের অন্যান্য দেশ এই ঘটনার দিকে সতর্ক দৃষ্টিতে নজর রাখছে এবং প্রশ্ন তুলছে — প্রযুক্তি এখন কি তথ্য নিয়ন্ত্রণের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠছে?
