ডিজিটাল ডেস্ক: আবারও মারাত্মক বিতর্কে জড়ালেন বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Nobel)। এবার তাঁর বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং যৌন হেনস্তার মতো গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, এক কলেজ পড়ুয়া তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের বাড়িতে সাত মাস ধরে আটকে রেখে নির্যাতন চালিয়েছেন তিনি। এমনকি নির্যাতনের সময় তোলা ছবি ও ভিডিও দেখিয়ে ওই মহিলাকে ভয় দেখাতেন বলেও দাবি অভিযোগকারিনীর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার (Monday) রাতে বাংলাদেশের জাতীয় হেল্পলাইন নম্বরে ফোন করে ওই তরুণী নিজেই সাহায্য চান। এরপরেই ডেমরা (Demra) থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গায়কের বাড়ি থেকে তরুণীকে উদ্ধার করে এবং নোবেলকে গ্রেফতার করে। বর্তমানে তদন্ত চলছে, এবং তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলাটি গুরুত্ব সহকারে দেখছে।
আরও পড়ুনঃ ‘হার্ট ল্যাম্প’-এ বুকার জয়ের আলো, প্রথম কন্নড় লেখিকা হিসেবে নজির বানুর
সূত্রের খবর, ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার দেখা করার জন্য ডেকে পাঠাতেন নোবেল। এরপর একসময় তাঁকে জোর করে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালান বলে অভিযোগ। অভিযোগ আরও, এই দীর্ঘ সময়ে তাঁকে বাইরে যেতে দেওয়া হয়নি, এবং নানা ভয় দেখিয়ে নির্যাতন চালানো হয়।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবন এবং আচরণের জন্য আগেও একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন নোবেল। আট মাস আগেই তিনি একটি পুনর্বাসন কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) নিয়ে বিতর্কিত মন্তব্য করে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। সেই সময় গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) তাঁর কড়া সমালোচনা করেন এবং সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন।
গায়কের বিরুদ্ধে এহেন অভিযোগ প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের ভিত্তিতে নোবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এখন দেখার, নতুন করে এই ঘটনায় গায়ক কী প্রতিক্রিয়া দেন এবং তদন্ত কতদূর এগোয়।