উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুর থেকে বিহারে পাচার হচ্ছিল ‘সবুজ সাথী’ সাইকেল, ফাঁসিদেওয়ায় ধরা পড়ল যুবক
ডিজিটাল ডেস্কঃ রাজ্য সরকারের ‘সবুজ সাথী’ (Sabooj Sathi Scheme) প্রকল্পের সাইকেল পাচারের চেষ্টায় গ্রেফতার হল এক যুবক। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্টে (Muraliganj Checkpost) আটক করা হয় একটি ভুটভুটি গাড়ি। সেই গাড়ি থেকে উদ্ধার হয় ‘সবুজ সাথী’ প্রকল্পের জন্য নির্ধারিত মোট ১৮টি সাইকেল, যা অবৈধভাবে বিহারের উদ্দেশে পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ জানায়, গাড়িটির উপর ত্রিপল দিয়ে ঢেকে পাচারকারীরা সাইকেল গুলি লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে চেকপোস্টের নিরাপত্তারক্ষীরা গাড়িটি আটকায়। পরে খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া বিধাননগর থানায়। পুলিশ এসে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্তে উঠে আসে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকা থেকেই এই সাইকেলগুলি বিহারে পাচার হচ্ছিল।
আরও পড়ুনঃ পছন্দের জামা না পেয়ে অভিমানে আত্মঘাতী এমএ পাশ তরুণী, শোকস্তব্ধ পরিবার
ঘটনায় মূল অভিযুক্ত প্রকাশ সিং (Prakash Singh)-কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এর আগেও একইভাবে সে একাধিকবার ‘সবুজ সাথী’র সাইকেল পাচার করেছে। তবে এবার ধরা পড়ে যায় সে।
এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে— রাজ্য সরকারের শিক্ষামূলক এই প্রকল্পের সাইকেল কীভাবে পাচারকারীদের হাতে পৌঁছল? এর পিছনে কোনও বৃহত্তর চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাচারের উৎস, গুদাম ও সংশ্লিষ্ট কর্মীদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, “এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খুঁজে বের করাই এখন মূল লক্ষ্য।” শিক্ষা ও প্রশাসনিক মহলে এই ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।
