খেলার খবর
ভারতে দল পাঠাতে অস্বীকার, বড় ধাক্কা বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নে
ডিজিটাল ডেস্কঃ ভারতের মাটিতে আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) আদৌ অংশ নিতে পারবে কি বাংলাদেশ? সময় যত গড়াচ্ছে, সংশয় ততই বাড়ছে। মঙ্গলবার আইসিসি (ICC) আরও একবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) স্পষ্ট জানিয়ে দিয়েছে— নিরাপত্তা (Security) নিয়ে যে উদ্বেগ তারা প্রকাশ করছে, তার কোনও বাস্তব ভিত্তি নেই। ভারত থেকে ম্যাচ সরানোর প্রশ্নই নেই। ফলে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়েছে বিসিবিকে।
বাংলাদেশ ইতিমধ্যেই নিরাপত্তার কারণ দেখিয়ে একাধিকবার আইসিসিকে চিঠি পাঠিয়েছে। এর মধ্যেই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির ‘ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট’ (Internal Assessment) রিপোর্টের প্রসঙ্গ তুলে বিতর্ক তৈরি করেন। তবে আইসিসি জানায়, ওই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
স্বাধীনভাবে ‘রিস্ক অ্যাসেসমেন্ট’ (Risk Assessment) করে আইসিসি জানায়, কলকাতা (Kolkata) ও মুম্বইয়ে (Mumbai) নির্ধারিত ম্যাচে নিরাপত্তা ঝুঁকি ‘লো টু মডারেট’ (Low to Moderate)। অর্থাৎ বড় কোনও আশঙ্কা নেই।
এই পরিস্থিতিতে মঙ্গলবার ভিডিও কনফারেন্সের (Video Conference) মাধ্যমে বিসিবির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করে আইসিসি। বৈঠকে স্পষ্ট জানানো হয়, ম্যাচ সূচিতে কোনও পরিবর্তন হবে না। তবু বিসিবি নিজেদের অবস্থানে অনড়। তাদের বক্তব্য, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের (Support Staff) সুরক্ষাই অগ্রাধিকার। ফলে অচলাবস্থা কাটার কোনও ইঙ্গিত নেই। প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ?
