খেলার খবর
IPL – এর আগেই রাজস্থানের কোচের পদ ছাড়লেন রাহুল দ্রাবিড়
আগামী আইপিএল (IPL) মরশুমের আগেই বড় ঘোষণা করল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। হেড কোচ (Head Coach) পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়। শনিবার রাজস্থানের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টের মাধ্যমে জানানো হয়েছে এই খবর।
গত টি-টোয়েন্টি (T20) বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার পর জাতীয় দলের দায়িত্ব ছাড়েন রাহুল। তারপর ফেরেন রাজস্থান রয়্যালসের হেড কোচ হয়ে। তবে গত মরশুমে ব্যর্থ হয় রাজস্থান, এমনকি প্লে-অফ (Play-off) যোগ্যতাও অর্জন করতে পারেনি। তাই নতুন মরশুমের আগেই দায়িত্ব ছাড়লেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’।
রাজস্থানের পক্ষ থেকে পোস্টে জানানো হয়েছে, “২০২৬ সালের আইপিএলের আগেই রাহুল দ্রাবিড় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। বহু বছর ধরে রাজস্থানের সঙ্গে যুক্ত রাহুলের কোচিং শুধু প্লেয়ারদের (Players) নয়, দলের সংস্কৃতিতেও বড় পরিবর্তন এনেছিল। ওঁর অবদান সবসময়ই স্মরণীয় হয়ে থাকবে।”
Your presence in Pink inspired both the young and the seasoned. 💗
Forever a Royal. Forever grateful. 🤝 pic.twitter.com/XT4kUkcqMa
— Rajasthan Royals (@rajasthanroyals) August 30, 2025
ফ্র্যাঞ্চাইজি জানায়, রাহুলকে আরও বড় দায়িত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা নাকচ করেন। তাই শেষমেশ সিদ্ধান্ত নেন কোচের পদ ছাড়ার।
এর আগেও রাজস্থানের সঙ্গে যুক্ত ছিলেন দ্রাবিড়। ২০১৩ সালে অবসর নেওয়ার পর যোগ দিয়েছিলেন মেন্টর (Mentor) হিসেবে। তাঁর কোচিংয়েই উঠে এসেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson), অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। সাম্প্রতিক সময়ে রাহুল গড়ে তুলেছেন রিয়ান পরাগ (Riyan Parag), বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) মতো প্রতিভা। তবে এ বার তাঁর রেখে যাওয়া আসনে কে বসবেন, সেটাই এখন ক্রিকেটপ্রেমীদের কৌতূহলের বিষয়।
