দেশের খবর
স্ত্রীর প্রতি সন্দেহ, তিন বছরের সন্তানকে নৃশংসভাবে খুন পুণের যুবকের
ডিজিটাল ডেস্কঃ পুণেতে তিন বছরের শিশুপুত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক প্রযুক্তিবিদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মাধব টিকেটি স্ত্রী স্বরূপার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন। সেই সন্দেহের জেরে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে বলে অনুমান করা হচ্ছে।
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা মাধব পুণেতে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার স্ত্রীর সঙ্গে তীব্র বচসার পর তিনি শিশুপুত্রকে নিয়ে বেরিয়ে যান। এরপর বেশ কিছুক্ষণ পানশালায় সময় কাটিয়ে স্থানীয় এক জঙ্গলে যান। রাত হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন স্বরূপা থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখে, মাধব দুপুরে ছেলেকে সঙ্গে নিয়ে বের হন, তবে পরে তাকে একা বাজার করতে দেখা যায়। সন্দেহ হতেই মাধবের অবস্থান ট্র্যাক করে পুলিশ একটি লজে তাকে মত্ত অবস্থায় উদ্ধার করে।
আরও পড়ুনঃ নাতির ভবিষ্যৎ নিশ্চিত করতে তুলে দিলেন অন্যের হাতে!
জিজ্ঞাসাবাদে তিনি নিজের পুত্রকে হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ ওই জঙ্গল থেকেই শিশুর দেহ উদ্ধার করে। পুলিশ নিশ্চিত করেছে, শিশুটিকে সেখানেই হত্যা করা হয়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে এবং মাধবের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে।
