রাজ্যের খবর
রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখানো ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ
নিউজ ডেস্ক, ২০ মে : নারদ মামলায় (Narada Case) রাজ্যের চার হেভিওয়েটের নেতা মন্ত্রীর গ্রেপ্তারের প্রতিবাদে রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখানো ব্যক্তির বিরুদ্ধে অবশেষে মামলা রুজু করল পুলিশ।
উল্লেখ্য গত সোমবার নারদ মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন ফিরহাদ হাকিম, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra), মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আর এর পরেই তাদের গ্রেপ্তারির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে রাজভবনের সামনে একপাল ভেড়া নিয়ে বিক্ষোভ দেখান এক ব্যক্তি। তিনি নিজেকে ‘সিটিজেন এগেনস্ট ডার্টি পলিটিক্স অ্যান্ড কর্পোরেশন’ নামে একটি সংগঠনের সদস্য বলে দাবি করেন। রাজভবনের সামনে দাঁড়িয়ে রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দিয়েছিলেন তিনি। অভিনব প্রতিবাদে হতবাক হয়ে যান সকলেই। পুলিশ যদিও প্রতিবাদীকে তড়িঘড়ি রাজভবনের সামনে থেকে সরিয়ে দেয়। তবে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ায় তার প্রতিবাদে বুধবার সকালে একাধিক টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। পুলিশ কমিশনারের কাছ থেকে রিপোর্ট তলব করেন তিনি।এরপরেই নড়েচড়ে বসে পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় মহামারী এবং করোনা বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করা হয়েছে। ১৪৪ ধারা লঙ্ঘন করায় ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারাতেও মামলা রুজু হয়েছে।
