উত্তর দিনাজপুর
কালিয়াগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর মুখ বসিয়ে অশ্লীল ছবি ভাইরাল, অভিযুক্ত চার সহপাঠী
ডিজিটাল ডেস্কঃ স্কুলের গণ্ডি পেরোনোর আগেই এক নাবালিকা হয়ে পড়ল অশ্লীলতা ও প্রযুক্তি-নির্ভর সাইবার অপরাধের শিকার। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, ওই ছাত্রীর মুখ একটি আপত্তিকর ছবিতে বসিয়ে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত চার সহপাঠীর বিরুদ্ধে শনিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
নির্যাতিতার অভিযোগ, বেশ কিছুদিন ধরেই স্কুলে এক সহপাঠী মোবাইল ফোন নিয়ে আসছিল। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। সেই ‘অভিযোগের প্রতিশোধ’ নিতেই এমন কুরুচিকর কাজ করেছে অভিযুক্তরা। তাঁর দাবি, AI (Artificial Intelligence) প্রযুক্তির মাধ্যমে বিকৃত ছবি তৈরি করে তা মেসেজিং অ্যাপ ও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ AI-তে বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে অবশেষে পুলিশের দ্বারস্থ TMCP-র বহিষ্কৃত নেত্রী রাজন্যা
অভিভাবকদের সঙ্গে থানায় এসে নির্যাতিতা কিশোরী অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানায়। তার বক্তব্য, “আমার জীবন নষ্ট করার চেষ্টা করেছে ওরা। আমি চাই, ওদের এমন শাস্তি হোক, যাতে কেউ আর কখনও এভাবে কোনও মেয়ের সঙ্গে আচরণ করতে না পারে।”
এই ঘটনার পেছনে স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন ছাত্রীর বাবা। তিনি জানান, “স্কুলে আগেই জানানো হয়েছিল যে কয়েকজন ছাত্র নিয়ম ভেঙে মোবাইল আনছে। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি শিক্ষকরা। তাই আজ এই ঘটনা ঘটল।” সোশ্যাল মিডিয়ায় প্রযুক্তি ব্যবহার করে নাবালিকাদের টার্গেট করার এই প্রবণতা বাড়তে থাকায় মনোবিদ ও শিশু সুরক্ষা কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
