বিনোদন
বাঙালি হয়ে বাংলার প্রশ্নে আপত্তি? বিতর্কের আঁচে এবার মুখ খুললেন প্রসেনজিৎ
ডিজিটাল ডেস্কঃ মুম্বইয়ের (Mumbai) মঞ্চে বাংলায় প্রশ্ন শুনে “এখানে বাংলায় কথা বলার কী দরকার?”—এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ভাইরাল হওয়া ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ‘হীনমন্যতা’র অভিযোগে তুলোধোনা করেন নেটিজেনরা। অবশেষে এই বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন ‘বুম্বাদা’।
বৃহস্পতিবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রসেনজিৎ লেখেন, “আমি ৪২ বছর বাংলাতেই কাজ করেছি। বাংলা ভাষা আমার আত্মার অংশ। সম্প্রতি কিছু জাতীয় স্তরের কাজের জন্য মুম্বই যেতে হচ্ছে। সেই সূত্রেই ‘মালিক’ (Malik) ছবির হিন্দি ট্রেলার লঞ্চের সাংবাদিক সম্মেলনে যোগ দিই।”
আরও পড়ুনঃ রায়গঞ্জে কলেজ ছাত্রীদের জন্য তৈরি হোস্টেল এখন মাদকসেবীদের আঁতুড়ঘর
তিনি আরও জানান, “ডায়াসে উপস্থিত সবাই ইংরেজিতে কথা বলছিলেন। এমন এক পরিবেশে বাংলায় উত্তর দিলে সেখানে থাকা অনেকেই বুঝতে পারবেন না বলে মনে হয়েছিল। সেই কারণেই এমন মন্তব্য করি।” তবে অভিনেতা স্বীকার করেছেন, কথাটি বলার ধরনে ভুল হয়েছে এবং তা অনেকের অনুভূতিতে আঘাত করেছে।
প্রসেনজিৎ লিখেছেন, “বাংলার একজন সাংবাদিক, যিনি আমার অত্যন্ত স্নেহভাজন, বাংলায় প্রশ্ন করলে আমি উত্তরে সেই মন্তব্য করি। কিন্তু আমার বক্তব্যের মর্ম সঠিকভাবে কেউ বুঝতে পারেননি। আমি কাউকে আঘাত করতে চাইনি। বাংলা আমার প্রাণের ভাষা (Bengali is the language of my soul)। আমার এই বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।”
এই পোস্টের মাধ্যমে স্পষ্ট, প্রসেনজিৎ তাঁর কথার ভুল ব্যাখ্যায় ব্যথিত এবং ভবিষ্যতে আরও সচেতন হবেন বলেই ইঙ্গিত দিয়েছেন। তবে এই বিতর্কে তাঁর সদিচ্ছা এবং ভাষার প্রতি ভালোবাসা অনেক ভক্তের মন ছুঁয়েছে।
