উত্তর দিনাজপুর
অস্থায়ী কর্মীদের উপেক্ষা করে নতুন নিয়োগ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তীব্র ক্ষোভ
ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে একাধিক বিভাগে বেআইনি নিয়োগের অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির (TMC Shiksha Bandhu Samiti) রায়গঞ্জ ইউনিটের সদস্যরা। তাঁদের দাবি, এখনও বহু অশিক্ষক কর্মী স্থায়ী হননি, অথচ বাইরের কিছু ব্যক্তিকে হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কাজে নিয়োগ করা হয়েছে।
মঙ্গলবার আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের কাছে একটি স্মারকলিপিও জমা দেন। সংগঠনের পর্যবেক্ষক বিজয় দাস জানান, “যাঁরা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাঁদের স্থায়ীকরণ না করে বাইরের লোকজনকে নিয়োগ করা হচ্ছে। এটা সম্পূর্ণ বেআইনি এবং অনৈতিক।”
তিনি আরও বলেন, বহু শূন্য পদে বছরের পর বছর ধরে নিয়োগ হয়নি। অথচ এখন গোপনে নিরাপত্তা সংস্থার মাধ্যমে লোক নিয়োগ হচ্ছে, যা নিয়মবহির্ভূত।
আরও পড়ুনঃ কামারপুকুরে ধর্ম ও মানবতার বার্তা মুখ্যমন্ত্রীর, রামকৃষ্ণ মঠে ১০ কোটি টাকার অনুদান
বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ডঃ অমিত কুমার মন্ডল জানান, এই নিয়োগ সম্পর্কে তিনি অবগত নন। তবে উপাচার্য প্রশাসনিক ক্ষমতাবলে কিছু সিদ্ধান্ত নিতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
সহকারী রেজিস্ট্রার আশ্বাস দেন, আন্দোলনকারীদের অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির পক্ষ থেকে স্পষ্ট বার্তা— “স্থায়ীকরণ না করে নতুন কোনও নিয়োগ মানা হবে না।” দাবি না মানলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
এই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। কর্মী মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা ঘিরে।
