ভাইরাল খবর
অমর্ত্য-শামিদের SIR নোটিস অমানবিক, নির্বাচন কমিশনকে কড়া চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
ডিজিটাল ডেস্কঃ মাত্র পাঁচ দিনের ব্যবধানে ফের এসআইআর (SIR – Special Intensive Revision) শুনানি পর্বের ত্রুটি তুলে ধরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen), বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami) ও কবি জয় গোস্বামীর (Joy Goswami) মতো বিশিষ্ট ব্যক্তিদের শুনানির নোটিস পাঠানোকে তিনি “অমানবিক” ও “অসংবেদনশীল” বলে উল্লেখ করেছেন।
চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের (Voter List Revision) নামে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান (Constitutional Body) হওয়া সত্ত্বেও সাম্প্রতিক আচরণে রাজনৈতিক পক্ষপাতদুষ্টতার (Political Bias) ছাপ স্পষ্ট। পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) বাস্তব সমস্যা বারবার জানানো হলেও কমিশন দেরিতে ও আংশিক ছাড় দিয়েছে বলেও অভিযোগ।
মমতার দাবি, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত প্রযুক্তিনির্ভর (Technology-driven) এবং তথ্যগত অসঙ্গতির (Logical Discrepancy) ওপর দাঁড়িয়ে রয়েছে। নামের বানান বা বয়সে সামান্য ভুলের জন্য মানুষকে শুনানিতে ডেকে সময়, অর্থ ও রোজগারের ক্ষতি করা হচ্ছে। কোথাও ‘মমতা’ ও ‘মামতা’, আবার ‘কুমার’ ও ‘কোমার’-এর মতো তুচ্ছ পার্থক্যকে ইস্যু করা হচ্ছে।
চিঠির শেষে মুখ্যমন্ত্রী লিখেছেন, কমিশন কোনও জবাব না দিলেও রাজ্যের মানুষের স্বার্থে এই তথ্য তুলে ধরা তাঁর কর্তব্য। তিনি আশাবাদী, এখনও সময় থাকতেই নির্বাচন কমিশন সদ্বুদ্ধি নিয়ে এই হয়রানি কমাতে প্রয়োজনীয় সংশোধনী পদক্ষেপ নেবে।
