রাজ্যের খবর
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, করলেন হ্যাট্রিক
নিউজ ডেস্ক, ০৫ মে : রাজ্যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে হ্যাট্রিক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পৌনে ১১ টা নাগাদ রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আগামী ৫ বছর মানুষের হয়ে, মানুষের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতিতে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে অনাড়ম্বরভাবেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথ গ্রহণের প্রস্তুতি চলছিল গতকাল থেকেই। এদিন ঘড়ির কাঁটায় ১০.৪৫ মিনিট নাগাদ রাজভবনের (Rajbhaban) ঐতিহাসিক থ্রোন রুমে শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠান।প্রোটোকল মেনে রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁকে শপথ পড়ান। এরপর মুখ্যমন্ত্রী হিসেবে নিজের শপথরক্ষার প্রতিশ্রুতিতে নির্দিষ্ট কাগজে স্বাক্ষর করেন। পরে মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার রাজ্যের মসনদে বসায় তাঁকে সকলে শুভেচ্ছা জানান। তিনিও সংক্ষিপ্ত বার্তায় সবাইকে পালটা ধন্যবাদ জানান। বিশেষ করে উল্লেখ করেন বাংলার মানুষের কথা। কোভিড পরিস্থিতিতে সকলকে এই শুভক্ষণের সাক্ষী হওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারেননি বলে দুঃখপ্রকাশও করলেন। এসব সেরেই অবশ্য মুখ্যমন্ত্রী সোজা কাজের কথায় চলে এলেন। কোভিড মোকাবিলাই যে নতুন সরকারের অগ্রাধিকার, মনে করালেন আবার। ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের নানা জায়গায় অশান্তির ছবি দেখে দিলেন শান্তি বজায় রাখার বার্তাও।
তবে এই লড়াই খুব একট সহজ ছিল না। বিজেপির লাগাতার আক্রমণের ঝড় সামলে ভাঙা পায়ে একাই ডিফেন্স সামলে গিয়েছেন একটানা। খেলা যখন শেষ হলো তখন দেখা গেল অবলীলায় বিরোধীদের ২০০ গোলের টার্গেট রুখে দিয়ে প্রধান প্রতিপক্ষকে ৭৭এই বেঁধে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নিজেদের স্কোর এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গিয়ে ২১৩তে খাড়া করে দিয়েছেন। যা দেখে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল হতবাক। তবে ডাবল ইঞ্জিনকে যে বিকল করে দিয়েছেন তা বলাই বাহুল্য। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সিপিআইএম ও বিজেপির কোনো প্রতিনিধি।
