ভাইরাল খবর
মা-মেয়েকে বাংলাদেশে পাচারের ছক! নারী পাচারচক্রে গ্রেপ্তার তৃণমূল নেতা
ডিজিটাল ডেস্কঃ নারী পাচারচক্রে (Human Trafficking) রাজনৈতিক যোগের অভিযোগে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরে। কোচবিহারের এক গৃহবধূ ও তাঁর নাবালিকা কন্যাকে বাংলাদেশে পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আনারুল মিয়াকে। ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে কোচবিহারের এক গৃহবধূ মেয়েকে নিয়ে নিখোঁজ হন। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হিলি থানার পুলিশ। অভিযোগ, গঙ্গারামপুরের দুলাল মিয়ার সঙ্গে ওই মহিলার সম্পর্ক তৈরি হয়েছিল। তাঁর প্রলোভনেই (Trap) মহিলা মেয়েকে নিয়ে বাড়ি ছাড়েন। পরে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল (Blackmail) করা হয় বলেও অভিযোগ।
তদন্তে উঠে এসেছে, তৃণমূল নেতা আনারুল মিয়ার সহযোগিতায় হিলি সীমান্ত দিয়ে মা ও মেয়েকে বাংলাদেশে পাচার করা হয়। এই ঘটনায় দালাল শাহাজাত হোসেন মণ্ডলের নামও সামনে আসে। ব্যাঙ্ক লেনদেনের সূত্র ধরে আগেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
পরবর্তীতে বিএসএফের সহযোগিতায় সীমান্তের শূন্যরেখা (Zero Line) এলাকা থেকে উদ্ধার করা হয় গৃহবধূ ও তাঁর নাবালিকা কন্যাকে। এতদিন পলাতক থাকার পর শুক্রবার রাতে বৈকুণ্ঠপুর এলাকা থেকে আনারুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না।
