বিশ্বের খবর
যুদ্ধবিরতি আবহেও উত্তপ্ত লেবানন: ইজরায়েলি হামলায় হিজবুল্লাহর তিন শীর্ষ কমান্ডার খতম
ডিজিটাল ডেস্কঃ লেবানন ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি (Ceasefire) চললেও পরিস্থিতি ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে। শনিবার ইজরায়েলি সামরিক বাহিনী লেবাননের বালবেক এলাকায় তিনটি পৃথক কমান্ড ঘাঁটিতে (Command bases) অভিযান চালায়। এই হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইউনিটের (Missile unit) একাধিক সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল।
হিজবুল্লাহ সূত্রের খবর, নিহতদের মধ্যে আলি আল-মুসাভি, মহম্মদ আল-মুসাভি এবং হুসেন ইয়াঘি নামে তিন জন স্থানীয় কমান্ডার রয়েছেন। উল্লেখ্য, হুসেন ইয়াঘি ছিলেন হিজবুল্লাহ প্রতিষ্ঠাতা মহম্মদ ইয়াঘির পুত্র। ইজরায়েলি সেনার দাবি, এই হিজবুল্লাহ সদস্যরা বড়সড় কোনো হামলার ষড়যন্ত্র (Conspiracy) করছিল।
অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব লেবাননে এই হামলায় তিন শিশুসহ অন্তত ১০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং ২৪ জন আহত (Injured) হয়েছেন। হাসপাতালের পরিচালক আলী আবদুল্লাহ জানিয়েছেন, নিহতদের মধ্যে সিরিয়া ও ইথিওপিয়ার নাগরিকও রয়েছেন।
মধ্যপ্রাচ্যের (West Asia) এই ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এখন অত্যন্ত জটিল। আমেরিকার সঙ্গে ইরানের সংঘাতের (Conflict) আবহে এই হামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সরাসরি ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপের আগে ইজরায়েল সম্ভবত ইরানের সমর্থিত ‘ছায়াযোদ্ধাদের’ (Proxy warriors) শক্তি দুর্বল করে দিতে চাইছে। ইজরায়েলের এই ঘনঘন হামলা আদতে যুদ্ধবিরতিকে কার্যত প্রহসনে পরিণত করেছে।
