দেশ
কাবুলে ভারতীয় দূতাবাস পুনরায় খোলার ঘোষণা, তালিবান নেতৃত্বকে উন্নয়নের বার্তা জয়শঙ্করের
ডিজিটাল ডেস্কঃ আফগানিস্তানে (Afghanistan) তালিবান (Taliban) সরকারের ক্ষমতা দখলের প্রায় চার বছর পর নতুন করে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারত। কাবুলে (Kabul) আবারও ভারতীয় দূতাবাস (Embassy) চালু করার ঘোষণা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar)।
শুক্রবার সকালে নয়াদিল্লিতে তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি (Amir Khan Muttaqi) ও তাঁর সফরসঙ্গীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন জয়শঙ্কর। এই বৈঠক শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার দিক নির্ধারণে এক বড় পদক্ষেপ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
বৈঠকে জয়শঙ্কর স্পষ্ট জানান, “আফগানিস্তানের জনগণের উন্নয়ন (Development) ও স্থিতিশীলতাই (Stability) ভারতের অগ্রাধিকার।” তিনি বলেন, ভারত চায় আফগানিস্তান একটি শান্তিপূর্ণ, স্বনির্ভর ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠুক।
বিদেশমন্ত্রী এদিন ঘোষণা করেন, কাবুলে ভারতের কারিগরি মিশনের (Technical Mission) স্তর উন্নীত করে সেটিকে সম্পূর্ণ দূতাবাসে রূপান্তর করা হবে। এই ঘোষণা ভারত-আফগান কূটনৈতিক সম্পর্কে নতুন দিগন্ত খুলে দিল বলেই মনে করা হচ্ছে।
জয়শঙ্কর বলেন, “ভারত সব সময়ই আফগানিস্তানের একজন শুভাকাঙ্ক্ষী প্রতিবেশী হিসেবে পাশে থেকেছে। আমরা আফগানিস্তানের সার্বভৌমত্ব (Sovereignty), ভৌগোলিক অখণ্ডতা (Territorial Integrity) ও স্বাধীনতার (Independence) প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”
বৈঠকে জয়শঙ্কর ঘোষণা করেন, ভারত আফগানিস্তানে নতুন করে ৬টি উন্নয়ন প্রকল্প (Development Projects) গ্রহণ করবে। এই প্রকল্পগুলি মূলত স্বাস্থ্য (Healthcare), শিক্ষা (Education) এবং গ্রামীণ সংযোগ (Rural Connectivity) খাতে বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, “কোভিড-১৯ (COVID-19) কিংবা রাষ্ট্রসংঘের মাদকবিরোধী কর্মসূচি (UN Anti-Narcotics Program)— প্রতিটি মানবিক পরিস্থিতিতেই আমরা আফগান জনগণের পাশে থেকেছি এবং থাকব।”
বৈঠকে ভারতের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আফগান বিদেশমন্ত্রী মুত্তাকি। তিনি বলেন, “শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার ক্ষেত্রে ভারতের অবদান ভোলার নয়। আমরা চাই দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হোক।”
মুত্তাকি আরও বলেন, “আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের যৌথভাবে কাজ করতে হবে।”


