রাজনীতি
চালসা থেকে পাথরপ্রতিমা! মমতা-অভিষেকের জোড়া প্রচার শুরু, উত্তপ্ত বঙ্গ রাজনীতি
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) দামামা বেজে গিয়েছে। পুনরায় নবান্নের ক্ষমতা দখল করতে মঙ্গলবার থেকেই কোমর বেঁধে ময়দানে নামলেন তৃণমূল কংগ্রেস। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক স্পর্শ, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক রণকৌশল- এই দুইয়ের মেলবন্ধনেই নির্বাচনী বৈতরণী পার হতে চায় ঘাসফুল শিবির।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তরবঙ্গ সব সময় ‘পয়মন্ত’ (Auspicious)। তাই প্রচারের শুরুতেই তিনি বেছে নিয়েছেন তিস্তা-তোর্সা-মহানন্দার পাড়কে। আজ চালসার মেটেলি জ্যোতি আশ্রম ক্যাথলিক চার্চে গিয়ে প্রান্তিক মানুষের সঙ্গে জনসংযোগ (Communication) করবেন তিনি। প্রথাগত সভার বদলে চার্চের ফাদারদের আশীর্বাদ নিয়ে প্রচারের শুভ সূচনা করতে চান নেত্রী। নাগরাকাটার প্রার্থী সঞ্জয় কুজুরের মতে, এটি মমতার সর্বধর্মসমন্বয়ের বার্তা। বুধবার ময়নাগুড়ির বড় জনসভা থেকেই মূলত রাজনৈতিক বার্তা দেবেন তিনি।
অন্যদিকে, আজ দুপুরেই নিজের গড় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা কলেজ মাঠ থেকে প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তাঁর গন্তব্য হবে মেদিনীপুর ও নন্দীগ্রাম। আগামী এক মাস তাঁর ঠাসা কর্মসূচি (Schedule) রয়েছে দুই বঙ্গেই।
এবারের লড়াই শুধু রাজনৈতিক প্রতিপক্ষের (Opposition) বিরুদ্ধে নয়, বরং নির্বাচন কমিশনের ‘একপেশে’ আচরণের বিরুদ্ধেও। কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজভবনের সঙ্গে সংঘাতকে হাতিয়ার করে মানুষের দুয়ারে পৌঁছতে চাইছে তৃণমূল। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ১৫২টি আসনে জয় নিশ্চিত করতে এই এক মাস ব্যাপী ম্যারাথন প্রচারই (Marathon Campaign) হবে তুরুপের তাস।


