উত্তর দিনাজপুর
নির্বাচন দোরগোড়ায়। প্রার্থীর সমর্থনে প্রচার বিজেপি মহিলা মোর্চার
নিজস্ব সংবাদদাতা, ইটাহার , ৯ এপ্রিল : ষষ্ঠ দফার নির্বাচনকে সামনে রেখে জোরকদমে ভোট প্রচার শুরু করেছেন ইটাহার বিধানসভার বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু।
শুক্রবার ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলে দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রচার করার পাশাপাশি ছোট ছোট পথ সভা করেন প্রার্থী। জেতার বিষয়ে আশা প্রকাশ করেন প্রার্থী। এছাড়াও এদিন দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। নিমাই সিংহ, শ্যামল দাস, রবি দত্ত সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিন।অন্যদিকে শুক্রবার বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডুর সমর্থনে ভোট প্রচার করলেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। এদিন প্রার্থীর সমর্থনে ইটাহার ব্লক বিজেপি মহিলা মোর্চার তরফে ইটাহার থানার জয়হাট অঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে এলাকাবাসীদের বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডুকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা সাধারন মানুষের সামনে তুলে ধরেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন মহিলা মোর্চার সদস্যরা। বিজেপি মহিলা মোর্চা নেত্রী সবিতা বর্মন, শান্তা কুন্ডু, দোলা দাস, বুলা কুন্ডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।
