বিনোদন
গুরুজনদের অপমানের অভিযোগে দিশার বাড়িতে গুলি, দায় স্বীকার গ্যাংস্টারের
ডিজিটাল ডেস্কঃ অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলির (Bareilly) বাড়ির সামনে রাতের অন্ধকারে চলল গুলির বৃষ্টি। শুক্রবার ভোররাতে সিভিল লাইনস (Civil Lines) এলাকায় দিশার বাড়ির সামনে পর পর সাত রাউন্ড গুলি চালায় দুই দুষ্কৃতী। যদিও এই ঘটনায় কেউ আহত হননি, তবে আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী আগে থেকেই জায়গাটির রেকি (Recce) করে রেখেছিল। ঘটনার পর মুহূর্তেই দিল্লি–লখনউ (Delhi–Lucknow) হাইওয়ে ধরে চম্পট দেয় তারা। মাত্র সাত-আট মিনিটেই শহর ছাড়ে তারা। ঘটনাস্থলের সিসিটিভি (CCTV) ফুটেজ ঘেঁটে গোটা এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ।
এই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রারের (Goldy Brar) ঘনিষ্ঠ একটি গোষ্ঠী। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া একটি হুমকি বার্তায় দিশা এবং তাঁর পরিবারের নাম করে স্পষ্টভাবে বলা হয়েছে, “ভিলা নম্বর ৪০, সিভিল লাইনস, বরেলিতে যে গুলি চলেছে, সেটা আমরাই করিয়েছি। কারণ উনি আমাদের গুরুজনদের—প্রেমানন্দজি মহারাজ ও অনিরুদ্ধাচার্যজি মহারাজ—কে অপমান করেছেন। এটা শুধু ট্রেলার (Trailer)। ভবিষ্যতে কেউ যদি ধর্ম (Religion) বা গুরুজনদের অসম্মান করেন, তাহলে তাঁরা রেহাই পাবেন না।”
ওই বার্তায় সরাসরি হুমকি দেওয়া হয়েছে বলিউড (Bollywood) তথা সমগ্র ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) শিল্পীদের উদ্দেশে। লেখা রয়েছে, “যারা ধর্মের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে আমরা যেকোনো পর্যায়ে যেতে রাজি।”
জানা গেছে, জুলাই মাসে দিশার ছোট বোন খুশবু পাটানি (Khushboo Patani) একটি ইনস্টাগ্রাম স্টোরি (Instagram Story) পোস্ট করেন, যেখানে অনিরুদ্ধাচার্যজি মহারাজকে নিয়ে কিছু কটূ মন্তব্য ছিল। প্রথমে মনে করা হয় ওই মন্তব্য প্রেমানন্দ মহারাজকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। পরে খুশবু নিজেই ভিডিও বার্তায় বিষয়টি স্পষ্ট করেন—সেটি শুধুমাত্র অনিরুদ্ধাচার্যজি-কে উদ্দেশ্য করেই ছিল।
বর্তমানে দুষ্কৃতীদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশের বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team)। প্রাথমিকভাবে ধারণা, বাইরের লোকজন এই ঘটনায় যুক্ত এবং হামলা পূর্বপরিকল্পিত। পুলিশ বিষয়টি নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ।


