ভাইরাল খবর
মায়ের ইচ্ছেতেই জীবনের নতুন অধ্যায়, শুক্রবার সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ
ডিজিটাল ডেস্কঃ শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হল। শুক্রবার সন্ধ্যায় নিউটাউনের নিজ বাসভবনে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাত্রী রিঙ্কু মজুমদার, তিনিও বিজেপির সঙ্গে যুক্ত। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এই সম্ভাব্য বিবাহ নিয়ে নানা মহলে শুরু হয়েছিল জোর চর্চা। আজ সকালে নিজেই বিষয়টি নিশ্চিত করলেন দিলীপ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “এই জীবনে অনেক কিছু করেছি, শুধু একটি কাজ বাকি ছিল। মা অনেকদিন ধরেই বিয়ের জন্য বলছিলেন। শেষমেশ মায়ের কথাই মেনে সিদ্ধান্ত নিলাম।”
দিলীপের বক্তব্য, এই বিবাহ তাঁর রাজনৈতিক জীবনকে কোনওভাবেই প্রভাবিত করবে না। বরং রিঙ্কু মজুমদার বিজেপিরই নেত্রী হওয়ায় ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনে সমন্বয় বজায় থাকবে বলে আশাবাদী তিনি।
আরও পড়ুনঃ নিউ টাউনের ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে, জীবনের নতুন অধ্যায়ে দিলীপ ঘোষ
তাঁর এই সিদ্ধান্ত ঘিরে সংঘ পরিবারে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে বলে সূত্রের দাবি। কারণ, সংঘের প্রচারকদের সাধারণত বৈবাহিক সম্পর্কে যাওয়া বারণ। জানা গিয়েছে, বিবাহের পর দিলীপ আর প্রচারকের ভূমিকায় থাকবেন না। এই বিশেষ দিন উপলক্ষে দিলীপ ঘোষের মা পুষ্পলতা দেবী ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছেন। শুক্রবার সকালে মেদিনীপুর থেকে আত্মীয়রাও পৌঁছেছেন। সন্ধ্যায় হবে আইনি বিবাহ। খুব ঘরোয়া পরিবেশেই এই অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা গেছে।
দিলীপের ঘনিষ্ঠ সূত্রের মতে, প্রাথমিকভাবে বিয়েতে অনিচ্ছুক ছিলেন দিলীপ। কিন্তু সম্প্রতি একাকিত্ব, মায়ের বারবার অনুরোধ এবং রিঙ্কুর আবেগী প্রস্তাব—এই তিনে মিলে শেষমেশ রাজি হন তিনি। তাঁদের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বিজেপির সংগঠনিক কাজের সূত্র ধরেই। বিবাহ নিয়ে জনমত যেমন কৌতূহল জাগিয়েছে, তেমনই প্রশ্ন তুলেছে দিলীপ ঘোষের দীর্ঘকালীন সংঘ-সংগৃহীত জীবন নিয়েও। এখন দেখার, বিবাহিত জীবনের অভিজ্ঞতা নিয়ে রাজনৈতিক মঞ্চে কীভাবে ফের ধ্বনি তুলতে দেখা যায় বঙ্গ বিজেপির এই রঙিন চরিত্রকে।
