রাজনীতি
গ্রেপ্তারির আতঙ্কেই কি শেষ করে দিলেন নিজেকে? ঘর থেকে উদ্ধার দেবরাজ-ঘনিষ্ঠ কাউন্সিলরের ঝুলন্ত দেহ
ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ দমদম পুরসভার (South Dum Dum Municipality) ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (Sanjay Das) অস্বাভাবিক মৃত্যু ঘিরে শনিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিন সকালে নিজের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ (Hanging Body) উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাঁকে তড়িঘড়ি নাগেরবাজারের আইএলএস হাসপাতালে (ILS Hospital) নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে খবর, সঞ্জয় দাস বারাকপুর সাংগঠনিক জেলার দাপুটে নেতা ও রাজারহাট-গোপালপুরের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত ‘ঘনিষ্ঠ’ (Close Associate) হিসেবে পরিচিত ছিলেন। গত সপ্তাহেই তোলাবাজি ও ভোট-পরবর্তী হিংসার অভিযোগে দেবরাজকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই তাঁর ঘনিষ্ঠ বৃত্তে থাকা একাধিক তৃণমূল নেতা তদন্তের জালে আসছিলেন। রাজনৈতিক মহলের অনুমান, এই ঘটনার পর থেকেই তীব্র মানসিক অবসাদে (Mental Depression) ভুগছিলেন সঞ্জয় দাস। গ্রেপ্তারির ভয় নাকি অন্য কোনো প্রশাসনিক চাপ— এই চরম সিদ্ধান্তের নেপথ্যে কী রয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।
পুলিশ ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের (Autopsy) জন্য পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো সুইসাইড নোট (Suicide Note) মেলেনি। খবর পেয়েই হাসপাতালে পৌঁছেছেন অদিতি মুন্সি।


