ভাইরাল খবর
এসআইআরের নামে ষড়যন্ত্র চলবে না, অমিত শাহকে কড়া হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের
ডিজিটাল ডেস্কঃ বিহারে (Bihar) ভোটের নির্ঘণ্ট প্রকাশ এখন সময়ের অপেক্ষা। সেই নির্বাচন মিটতেই শুরু হবে পশ্চিমবঙ্গের (West Bengal) ভোটের প্রস্তুতি। আর তার আগেই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক লড়াই। ইস্যু হিসেবে উঠে এসেছে এসআইআর (SIR), যা নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাত এখন তুঙ্গে।
নির্বাচন কমিশন (Election Commission) বিহারে জোর করেই এসআইআর করিয়েছে বলে অভিযোগ। তবে পশ্চিমবঙ্গে এই পদ্ধতি কার্যকর হবে না, সাফ জানিয়ে দিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। এবার আরও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বৃহস্পতিবার এক সরকারি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “এসআইআরের নামে কেন্দ্রীয় সরকার আসলে এনআরসি (NRC) করতে চাইছে। ভোটার তালিকা (Voter List) থেকে যেমন খুশি নাম বাদ দিতে চাইছে ওরা। কিন্তু আমরা তা হতে দেব না। একটিও প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, এটা আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি।”
এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, “বিজেপিকে (BJP) বলছি, আগুন নিয়ে খেলবেন না। তাহলে জনরোষের মুখে পড়তে হবে।”
অমিত শাহকে কটাক্ষ করে মমতা আরও বলেন, “আমি শুনেছি, স্বরাষ্ট্রমন্ত্রী একটি দলীয় বৈঠকে অনেক নাম তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলেছেন। কিন্তু কে উনি নাম বাদ দেওয়ার? আজ কেন্দ্রের ক্ষমতায় আছেন ঠিকই, কিন্তু কাল তো থাকতে পারেন না।”
মুখ্যমন্ত্রী এখানেই থামেননি। কেন্দ্রীয় এজেন্সির (Central Agency) ভয় দেখানোর অভিযোগ তুলে তিনি বলেন, “এজেন্সি দিয়ে মুখ বন্ধ করাতে চাইছেন? আমরা ভয় পাই না। আমরা তৈরি।”
তিনি আরও যোগ করেন, “বিহারে যেহেতু ডবল ইঞ্জিন সরকার (Double Engine Government) রয়েছে, সেখানে নির্বাচন কমিশন দলীয় কথা শুনছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেটা চলবে না।”
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে ‘মিরজাফর’ বলেও কটাক্ষ করেছিলেন, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে।
