ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজভবনে বড়সড় রদবদল হতে চলেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, শীঘ্রই রাজ্যপাল পদ থেকে সরে যেতে পারেন বর্তমান রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস (Dr. C. V. Ananda Bose)। তাঁর পরিবর্তে দায়িত্ব নিতে পারেন সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী (Justice Bela Madhurya Trivedi)।
জুন মাসে অবসর নেওয়ার কথা থাকলেও, ত্রিবেদী এর মধ্যেই স্বেচ্ছাবসর গ্রহণ করেছেন বলে সূত্রের দাবি। অবসরোত্তর একটি বিদেশ সফর সেরে ফিরেই তিনি বাংলার নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে পারেন। গুজরাটের বাসিন্দা এবং আইনজগতের অভিজ্ঞ এই ব্যক্তিত্ব অতীতে গুজরাট সরকারের আইন দফতরের সচিব ছিলেন, সেই সময় নরেন্দ্র মোদি (Narendra Modi) ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পরে তিনি গুজরাট হাইকোর্ট ও তারপর সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব পালন করেন।
আরও পড়ুনঃ শেখ হাসিনার বিদায়ের পর গঠিত অন্তর্বর্তী সরকারেও টানাপড়েন, সরে দাঁড়াতে চান ইউনূস
রাজ্যপাল পদে এই রদবদলের নেপথ্যে ড. আনন্দ বোসের স্বাস্থ্য কারণ রয়েছে, নাকি রাজনৈতিক কৌশল, তা এখনও স্পষ্ট নয়। তবে কেন্দ্রীয় মহল থেকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী, মহিলারাজ্যপালকে রাজভবনে বসিয়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে একটি রাজনৈতিক বার্তা দিতে চাইছে কেন্দ্র। এই পরিবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বিচারপতি বেলা ত্রিবেদী অতীতে একাধিক বিতর্কে জড়িয়েছেন। বিশেষত বিলকিস বানো ধর্ষণ মামলায় তিনি নিজেকে বিচার থেকে সরিয়ে নিয়েছিলেন, যা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। দিল্লি ও গুজরাটের আইনজীবী মহলের একাংশের অভিযোগ, তিনি বিজেপির (BJP) ঘনিষ্ঠ। তাঁর অবসরের পর অনুষ্ঠিত সংবর্ধনাও নানা মতানৈক্যের কেন্দ্রে ছিল। বিচারপতির পদে থাকাকালীন কয়েকজন আইনজীবীর সঙ্গেও তাঁর উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা চর্চার কেন্দ্রে উঠে আসে।
শেষমেশ যদি কোনও নাটকীয় পরিবর্তন না ঘটে, তাহলে বাংলার রাজ্যপাল হিসাবে শিগগিরই রাজভবনের দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি বেলা ত্রিবেদী। কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়িত হলে, এটাই হবে রাজ্যের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তন।