ভাইরাল খবর
কসবা ল’ কলেজ ধর্ষণকাণ্ডে বড় সিদ্ধান্ত, বহিষ্কার অভিযুক্ত ছাত্ররা, ফাঁসির দাবি কলেজের
ডিজিটাল ডেস্কঃ কসবা ল কলেজে (Kasba Law College) ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অবশেষে কড়া ব্যবস্থা নিল কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে গভর্নিং বডির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বহিষ্কার করা হয়েছে দুই ছাত্র এবং মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে (Manojit Mishra) কলেজের অস্থায়ী কর্মীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
গভর্নিং বডির প্রধান অশোক দে (Ashok Dey) জানান, “এই ঘটনার নিন্দা করার ভাষা নেই। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে। কলেজের ভাবমূর্তি রক্ষায় ও নিরাপত্তা সুনিশ্চিত করতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।”
বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় (Noyna Chattopadhyay)। তিনি বলেন, “এই ঘৃণ্য ঘটনার ন্যায্য সাজা একটাই—ফাঁসি। শুধু বহিষ্কার নয়, দোষীদের কঠোরতম শাস্তি হোক, সেটাই আমরা চাই।”
আরও পড়ুনঃ ‘ধর্মের নামে পাপের কারবার!’— কার্তিক মহারাজের ফাঁসির দাবিতে নবগ্রামে ঝাঁটা হাতে রাস্তায় শতাধিক মহিলা
কলেজ সূত্রে জানা গিয়েছে, নতুন নিরাপত্তা সংস্থার সঙ্গে কথা বলা হয়েছে, যাতে অন্তত একজন মহিলা নিরাপত্তারক্ষী থাকেন। কলেজে প্রবেশে কড়াকড়ি চালু হচ্ছে। পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ এবং ক্যাম্পাসে বহিরাগত প্রবেশেও কড়া নজরদারি চালানো হবে।
সিসিটিভি নজরদারি আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন করে ক্যামেরা বসানোর জন্য টেন্ডার ডাকা হয়েছে। আপাতত কলেজে ক্লাস বন্ধ থাকলেও, পরীক্ষা ও অফিস সংক্রান্ত কাজ চালু থাকবে। পরিস্থিতি বিবেচনা করে পুনরায় ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও গভর্নিং বডি জানিয়েছে।
এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের ভূমিকা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। তবে এদিনের সিদ্ধান্তে কিছুটা হলেও ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে আস্থা ফিরেছে বলে মনে করছেন অনেকেই।
