দেশের খবর
বেঞ্চ পলিসি শেষ, ছাঁটাইয়ের পথে টিসিএসের ১২ হাজার কর্মী
ডিজিটাল ডেস্কঃ দেশের সবথেকে বড় তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এবার বিশাল আকারে কর্মী ছাঁটাইয়ের পথে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী এক বছরের মধ্যে প্রায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। মূলত মাঝারি ও শীর্ষ স্তরের কর্মীদের উপরেই এই খড়গ নেমে আসবে।
যাদের চাকরি যাবে, তাদের জন্য সংস্থার তরফে বিশেষ সেভারেন্স প্যাকেজ (Severance Package) রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী, কর্মীর চাকরির মেয়াদের ওপর নির্ভর করে বেতন দেওয়া হবে। জানা গিয়েছে, যারা টিসিএসে ১৫ বছরের বেশি সময় ধরে কাজ করেছেন, তারা সর্বাধিক ২ বছরের সমান বেতন পাবেন। যারা ১০ থেকে ১৫ বছর চাকরি করেছেন, তারা দেড় বছরের বেতন পেতে পারেন। অন্যদিকে, ন্যূনতম ছয় মাসের বেতন দেওয়া হবে সকলকেই।
এছাড়াও ছাঁটাই হওয়া কর্মীদের জন্য আউট-প্লেসমেন্ট সার্ভিস (Outplacement Service) রাখা হয়েছে। এই পরিষেবায় সংস্থার পক্ষ থেকে তিন মাসের এজেন্সি ফি (Agency Fee) বহন করা হবে। যারা অবসরের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, তাঁদের ক্ষেত্রে রিটায়ারমেন্ট (Retirement) সংক্রান্ত যাবতীয় সুবিধাও বজায় থাকবে।
অন্যদিকে, টিসিএসের নতুন কর্মপদ্ধতিতে অনেক কর্মীকে বেঞ্চে (Bench) রাখা হয়েছিল। তবে সকলকেই ছাঁটাই করা হবে না। সংস্থার নীতি অনুযায়ী, শুধুমাত্র যাঁরা ৮ মাসেরও বেশি সময় ধরে কোনও প্রজেক্টে (Project) কাজ পাননি বা তাঁদের উপযুক্ত পদ দেওয়া সম্ভব হয়নি, তাঁরাই এবার ছাঁটাইয়ের তালিকায় থাকবেন।
প্রসঙ্গত, ১২ জুন থেকে টিসিএস নতুন বেঞ্চ পলিসি (Bench Policy) চালু করেছিল। সেই নিয়ম অনুযায়ী, বছরে সর্বাধিক ৩৫ দিন কোনও কর্মী প্রজেক্ট ছাড়া থেকেও বেতন পাবেন। তার পর যদি কাজ না মেলে, তবে ডিমোশন (Demotion) বা ছাঁটাই—এই দুইয়ের মধ্যে একটির মুখোমুখি হতে হবে। ১৭ জুলাই শেষ হয়েছে এই নীতি।
চলতি বছরেই টিসিএস জানিয়েছিল, তাদের মোট কর্মক্ষমতার প্রায় ২ শতাংশ কমানো হবে। সেই লক্ষ্যেই আগামী বছরের মধ্যে প্রায় ১২ হাজার কর্মীকে বিদায় জানাতে চলেছে দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি সংস্থা।


