মালদা
ভোট চলাকালীন ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে
নিজস্ব সংবাদদাতা, গাজোল, ২৬ এপ্রিল : সোমবার গাজোলে সপ্তম দফার ভোট চলাকালীন ভোটারদের প্রভাবিত করার অভিযোগে গাজোল বিধানসভার বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মনের বিরুদ্ধে সরব হল গাজোল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
জানা যায়, এদিন সকালে গাজোল বিধানসভার বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন গাজোল রামচন্দ্র সাহা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২১১ নম্বর বুথে ভোট দেওয়ার জন্য আসেন।ভোট দিতে যাওয়ার সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে হাতজোড় করেন। এরপরই এই বিষয় নিয়ে প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাদের অভিযোগ, ভোটারদের উদ্দেশ্যে হাতজোড় করে প্রার্থী তাদের প্রভাবিত করার চেষ্টা করছে। বিষয়টি গাজোল বিডিওকে জানানো হবে বলে জানান গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ।যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন। তিনি বলেন, আমি ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের প্রভাবিত করি নি । লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করি নি। আমি হাত জোড় করে নমস্কার জানিয়ে ভোট দিতে যাই। বয়স্কদের সম্মান জানাই। তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
