রাজনীতি
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল নয়, জানালেন চিকিৎসকরা
ডিজিটাল ডেস্কঃ বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে (ICU) মাল্টি অর্গান সাপোর্টে চিকিৎসাধীন। টানা চার দিন ধরেই তাঁর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলে হাসপাতাল সূত্রে খবর। শ্বাসকষ্ট এতটাই বেড়ে যায় যে মঙ্গলবার রাতে তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে (Non-Invasive Ventilation) রাখতে হয়েছে।
চিকিৎসকদের মতে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্যানক্রিয়াটাইটিস (Pancreatitis) ছাড়াও রয়েছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যা। একাধিক জটিল শারীরিক সমস্যা থাকায় চিকিৎসার পথে নানা বাধা আসছে। বর্তমানে তাঁর চিকিৎসার জন্য ৮ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এদিন দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন চিকিৎসকরা। পাশাপাশি, তাঁর পেটের সিটি স্ক্যান (CT Scan) রিপোর্ট ঘিরেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ মোদিকে আমেরিকায় আমন্ত্রণ ট্রাম্পের, আপাতত সম্ভব নয় জানালেন প্রধানমন্ত্রী
এদিকে, দিল্লির বিজেপি নেতৃত্বও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা নিয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন। সূত্রের খবর, প্রয়োজনে তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে (Air Ambulance) করে দিল্লিতে স্থানান্তরের প্রস্তাবও সামনে এসেছে, যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
অভিজিৎবাবুর শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে ইতিমধ্যেই হাসপাতালে গিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন তাঁরা।
চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা এখনই স্থিতিশীল বলা যাচ্ছে না। তবে তাঁর জীবন রক্ষা ও সুস্থতার জন্য সমস্তরকম প্রচেষ্টা চালানো হচ্ছে।
