মালদা
অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া চীনা নাগরিককে তোলা হল আদালতে, ছয় দিনের পুলিশী হেফাজতের নির্দেশ।
মালদা, ১২ জুন : অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে ধৃত চীনা নাগরিককে মালদা জেলা আদালতে তোলা হল শনিবার। গত বৃহস্পতিবার ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের দায়ে চীনা নাগরিককে গ্রেফতার করে বিএসএফ। তার নাম হান জুনওয়ে।
তিনি চীনের হুবাই প্রদেশের বাসিন্দা। বৃহস্পতিবার তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে বহুবার ভারতে আসার বিষয়ে জানতে পারে বিএসএফ। তার কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন, অনেকগুলি সিম কার্ড, টাকা লেনদেনের মেশিন, বিভিন্ন দেশের মুদ্রা বাজেয়াপ্ত করেছে বিএসএফ। এরপরেই শুক্রবার রাতে তাকে গোলাপগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শনিবার তাকে মালদা জেলা আদালতে তোলা হলে ৬দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছে মালদা আদালতের সেকেন্ড কোর্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেয়া মণ্ডল রাহা।
আগামী ১৮ তারিখ হানকে ফের আদালতে পেশ করা হবে।বিএসএফ সূত্রে খবর চীনা নাগরিক শুধু অবৈধভাবে ভারতে প্রবেশই করেনি একই সঙ্গে তাঁর অন্য কোনও উদ্দেশ্য ছিল। বিশেষত ভারত থেকে আর্থিক প্রতারণার উদ্দেশ্য তার থাকতে পারে বলে অনুমান। অন্যদিকে ধৃত চীনা নাগরিকের বিরুদ্ধে উত্তরপ্রদেশে এটিএস এর আগেই মামলা দায়ের করেছিল বলে জানা গেছে। সে কারণেই ভারতের ভিসা সে পায়নি। চোরাপথে কী উদ্দেশ্যে এবং কার সাহায্যে সে ভারতে ঢুকে ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।যদিও হানের আইনজীবী জ্ঞানেন্দ্র দেওয়ান তিন দিনের পুলিশি হেফাজতের দাবি জানিয়েছিলেন। পাশাপাশি হানের জামিনের আবেদনও জানান তারা। যদিও সেই আবেদন না মঞ্জুর হয়ে যায়। সরকারি পক্ষের কৌঁসুলি মেহতাব আলম বলেন, সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিল। মহামান্য আদালত ছয় দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। পাশাপাশি কি কারণে সে এদেশে এসেছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।
