উত্তর দিনাজপুর
বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে রোহিঙ্গা দুষ্কৃতীদের জমায়েত করা হয়েছে- কালিয়াগঞ্জে তোপ নিশীথ প্রামাণিকের
নিজস্ব সংবাদদাতা, কালিয়াগঞ্জ, ১৬ এপ্রিল: ‘নির্বাচনী জনসভা থেকে যেভাবে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী উস্কানিমূলক বক্তব্য রাখছেন, তাতে পরবর্তী নির্বাচনগুলিতে অশান্তি ও গন্ডগোল হতেই পারে।
কারণ আমাদের কাছে খবর আছে ইন্দো-বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে রোহিঙ্গা দুষ্কৃতীদের এনে জমায়েত করা হয়েছে৷ পাশাপাশি তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।’ শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সৌমেন রায়ের সমর্থনে জনসভায় এসে এমনই অভিযোগ করলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। তাঁর সঙ্গে এদিন কালিয়াগঞ্জের জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলও৷ নিশীথ প্রামাণিক এদিন আরো বলেন, ‘চার দফার নির্বাচনে বাংলার মানুষ বুঝতে পেরেছে পরিবর্তনের আসল পরিবর্তন আসন্ন। ২০২১ এ বিদায় নিবে তৃণমূলের সরকার।’ উত্তর দিনাজপুরে আগামী ২২ শে এপ্রিল ষষ্ঠ দফায় নির্বাচন৷ ফলে হাতে সময় ৪ দিন। এই পরিস্থিতিতে হেভিওয়েট নেতা নেত্রীদের আগমনে প্রাক-নির্বাচনী মুহূর্তে সরগরম উত্তর দিনাজপুর জেলা৷ এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি বন্যা বইয়ে দেয় বিজেপি নেতৃত্ব। ক্ষমতায় এলে উত্তরবঙ্গে এইমস হাসপাতাল স্থাপন করা হবে বলে প্রতিশ্রুতি দেন নিশীথ প্রামাণিক।
