বিনোদন
সিঙ্গেল ফাদারের গল্প এবারে টলিউড, নামভূমিকায় অভিনয় করবেন যীশু।
নিউজ ডেস্ক , ২১ মার্চ : বড়পর্দায় একাকী মায়ের সন্তান প্রতিপালনে সংঘর্ষের গল্প দেখা গিয়েছে বহুবারই। কিন্তু একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও সিঙ্গেল ফাদারের গল্প অনেকটাই কম বলা হয়েছে বড়পর্দা বা ওটিটি কিংবা অন্য কোন মাধ্যমে। কিন্তু এবারে সেই গল্প নিয়েই সিনেমা বানাতে চলেছেন উইনডোজ প্রোডাকশনস’। তাদের আগামী ছবি ‘বাবা বেবি ও…’তে সিঙ্গেল ফাদারের চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্ত। ছবিটি পরিচালনা করবেন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ খ্যাত পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। এই ছবির চিত্রনাট্যকার উইন্ডোজ কর্ণধার শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী জিনিয়া সেন। ছবিতে সংলাপ রচনা করবেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। ছবিতে যীশুর বিপরীতে অভিনয় করে বড়পর্দায় প্রথম পা রাখছেন সোলাঙ্কি রায়। এই ছবিতে সারোগেসির মাধ্যমে ২ যমজ সন্তানের বাবা যীশু সেনগুপ্ত। সিঙ্গেল ফাদারের এই গল্প টলিউডে প্রথম তৈরি হচ্ছে তা বলাই বাহুল্য। এই ছবি সে দিক থেকেও ব্যতিক্রম। তবে এই ছবিতে রয়েছে আরো এক চমক।বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক হাসান এই ছবির সুরকার। ছবির ৪টে গানেরই সুর দেবেন পরিচালক হাসান। ছবিতে গানের সুর দেওয়ার পাশাপাশি গানও করবেন হাসান।
