উত্তর দিনাজপুরে মহিলা ভোটকর্মীদের দায়িত্বে থাকছে ৩৯১ টি বুথ, প্রস্তুতি তুঙ্গে নির্বাচন কমিশনের
Connect with us

উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুরে মহিলা ভোটকর্মীদের দায়িত্বে থাকছে ৩৯১ টি বুথ, প্রস্তুতি তুঙ্গে নির্বাচন কমিশনের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক  , ১৫ মার্চ : উত্তর দিনাজপুরে আগামী ২২ শে এপ্রিল ষষ্ঠ দফায় বিধানসভা নির্বাচন। জেলায় বিধানসভা রয়েছে ৯ টি৷ এগুলো হল চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘী, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ ও ইটাহার। করোনা আবহের মধ্যে ভোট হতে চলায় এবারে জেলার বুথের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

মোট বুথের সংখ্যা ৩০৭৬ টি। এর মধ্যে প্রধান বুথ হচ্ছে ২০৭৫ ও অতিরিক্ত বুথ হচ্ছে ১০০১ টি৷ তার মধ্যে মহিলা ভোটকর্মীদের দ্বারা পরিচালিত বুথের সংখ্যা ৩৯১ টি৷ বাড়তি বুথের জন্য তাই উত্তর দিনাজপুর জেলায় পুরুষভোট কর্মীদের পাশাপাশি এবার মহিলা ভোটকর্মীদেরও কাজে লাগানো হচ্ছে। এই মহিলা ভোটকর্মীদের ভোট পরিচালনার জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রশিক্ষণ পর্ব শুরু হয়ে গিয়েছে। সুষ্ঠুভাবে ও অবাধ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে তাঁদের বিশেষ প্রজেক্টর দিয়ে ভিভিপ্যাট সহকারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্কুলগুলিতে। জানা গেছে উত্তর দিনাজপুর জেলায় ৩৯১ টি বুথের দায়িত্বে থাকবেন মহিলা ভোটকর্মীরা। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে ফাস্ট পোলিং এবং থার্ড পোলিং অফিসারের দায়িত্ব সামলাবেন তাঁরা। মহিলা ভোটকর্মীদের ডিউটি করতে যাতে কোন অসুবিধা না হয় তারজন্য সবরকম ব্যবস্থা নিয়েছে জেলা নির্বাচন দপ্তর। জেলা নির্বাচনী দপ্তর মহিলা ভোটকর্মীদের শিশু সন্তানদের নিরাপদে রাখার জন্য ভোটগ্রহণ কেন্দ্রের পাশে যাবতীয় পরিকাঠামো গড়ে তুলছে। পাশাপাশি শিশুদের দেখভালের জন্য নির্দিষ্ট মহিলা কর্মীরাও নিযুক্ত থাকবেন বলে জানা গেছে। পাশাপাশি ১০ বছর পর্যন্ত শিশুদের মহিলা ভোটকর্মীরা তাঁদের সঙ্গে ডিউটিতে নিয়ে আসতে পারবেন বলে জেলা নির্বাচনী দপ্তর জানিয়েছে। জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক অরবিন্দ কুমার মীনা বলেন,’ উত্তর দিনাজপুর জেলায় মহিলা ভোট কর্মীদের কথা মাথায় রেখে তাঁদের কাজের সুবিধার্থে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের ডিউটি করতে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য সমস্ত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। তাঁদের সন্তানদের রাখার ব্যবস্থা থেকে শুরু করে শৌচাগার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ওষুধ-পত্র থেকে শুরু করে বেডরোল, মশারি সহ অন্যান্য জরুরি সামগ্রী প্রদান করা হবে।’

Continue Reading
Advertisement