রায়গঞ্জ
ডিজেলের অস্বাভাবিক মুল্যবৃদ্ধি। বেসরকারি বাস মিনিবাস না চালানোর হুমকি মালিকদের
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৪ ফেব্রুয়ারি : ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হয়ে এবার উত্তর দিনাজপুর জেলা জুড়ে বেসরকারি বাস বন্ধ করে দেওয়ার হুমকি দিলো উত্তর দিনাজপুর বাস -মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার লাগাতার ডিজেলের মূল্য বৃদ্ধি করে চলেছে।
গত কয়েক মাসে ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে অস্বাভাবিক হারে। অন্যদিকে জেলা প্রশাসন ও রাজ্য সরকারকে বাস ভাড়া বৃদ্ধির ব্যাপারে বারংবার বলা হলেও তারা কর্ণপাত করছে না। এহেন পরিস্থিতিতে জেলায় ১৯ টি রুটে অর্ধেক বাস চালানো সম্ভব হচ্ছে। সংগঠনের জেলা সম্পাদক প্লাবন প্রামানিক বলেন, বিভিন্ন রুটের বাস চালিয়ে বাস মালিকদের জ্বালানির খরচও তোলা সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সাঁড়াশি চাপে আমাদের প্রাণ সংশয় দেখা দিয়েছে। আমাদের রোজগার প্রায় বন্ধ হওয়ার মুখে। এখন বিশেষ দিনগুলোতে বাস চালানো সম্ভব হচ্ছে। তাও তার সংখ্যা অর্ধেকে এসে দাঁড়িয়েছে। রায়গঞ্জ থেকে প্রায় দেড়শ বাস মিনিবাস ১৯ টি রুটে চলাচল করে। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে বাস চালানোই ববন্ধ করে দিতে বাধ্য হব আমরা। অন্যদিকে, বাস মালিকরা বলেন, বাস কর্মচারীরা কিছুটা আয় করলেও মালিকদের অবস্থা। অত্যন্ত সঙ্গীন। এমতাবস্থায় আমাদের পরিকল্পনা রয়েছে রাস্তায় নেমে আমরা সাধারণ মানুষের কাছে অনুরোধ করব বাস যাত্রীদের কাছে। আমরা অনুরোধ করব, ভাড়া বাড়ানোর ব্যাপারে তারা যদি সহযোগিতা করে তাহলেই রাস্তায় বাস নামানো সম্ভবপর হবে। অন্যথায় বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হবো আমরা।
