দেশ
ফের ঊর্দ্ধমুখী করোনার গতি, কয়েকদিনের তুলনায় বাড়ল সংক্রমণ
নিউজ ডেস্ক , ২১ ফেব্রুয়ারি : করোনা স্বাস্থ্যবিধি না মানায় ফের বাড়ছে সংক্রমণ। সাধারণ মানুষের একাংশের খামখেয়ালিপনার কারণে সংক্রমনের গতি ফের ঊর্ধ্বমুখী। এনিয়ে কার্যত উদ্বিগ্ন কেন্দ্র। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে যে তথ্য প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় কয়েক দিনের তুলনায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।
জানা গেছে গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৯০ জনের৷ তবে সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৬৭ জন৷ এনিয়ে গোটা দেশে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৯ লক্ষ ৯১ হাজার ৬৫১। মোট রোগমুক্ত হয়েছে ১ কোটি ৬ লক্ষ ৮৯ হাজার ৭১৫ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৬ হাজার ৩০২ জনের ৷ গত ১৬ ই জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে কোভিড টিকাকরণ। এখনও পর্যন্ত ১ কোটি ১০ লক্ষ ৮৫ হাজার ১৭৩ জনকে টিকা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কী করে সংক্রমণ বেড়ে চলেছে তা নিয়ে উঠছে প্রশ্ন। এক্ষেত্রে সাধারণ মানুষের একাংশের গাফিলতিকেই দায়ী করেছেন চিকিৎসকরা। মাস্ক না পড়ে বাজারে ঘাটে বেরিয়ে পড়া ও স্বাস্থ্যবিধি মেনে না চলার মতো দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করেছেন তারা ৷
