দেশের খবর
ডলারের বিকল্প খুঁজছে রাশিয়া! ভারতীয় রুপি দিয়ে বাংলাদেশকে বাণিজ্যের প্রস্তাব
ডিজিটাল ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার জেরে রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেনে যে জটিলতা তৈরি হয়েছে, তা কাটাতে বাংলাদেশকে ভারতীয় রুপিতে (Indian Rupee) দ্বিপাক্ষিক বাণিজ্য (Bilateral trade) সম্পন্ন করার নতুন প্রস্তাব দিয়েছে মস্কো। এছাড়া ঢাকায় একটি রুশ ব্যাংকের শাখা খোলা এবং আলাদা পেমেন্ট অবকাঠামো (Payment infrastructure) গড়ে তোলার বিষয়টিও ফের আলোচনায় এনেছে তারা। আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে (Inter-governmental commission meeting) বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine war) পর মার্কিন নিষেধাজ্ঞার কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের (Rooppur Nuclear Power Plant project) ঋণের কিস্তি পরিশোধে জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে সোনালী ব্যাংকে (Sonali Bank) রাশিয়ার নামে খোলা অ্যাকাউন্টে টাকা জমা রাখা হলেও তা স্থানান্তর করা যাচ্ছে না। এই সংকট সমাধানেই ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব দিয়েছে রাশিয়া।
পাশাপাশি, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে আন্তর্জাতিক বাজারদরের চেয়ে প্রতি টনে ১০ ডলার কমে প্রায় ২ লক্ষ ৮০ হাজার টন ইউরিয়া সার (Urea fertilizer) সরবরাহের আগ্রহ প্রকাশ করেছে মস্কো। এছাড়া সূর্যমুখী তেল, ডাল ও গম সরবরাহের প্রস্তাবও দেওয়া হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের প্রস্তাবও দিয়েছে রাশিয়া। এই নতুন আর্থিক কাঠামোর (Financial framework) মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
